মেটলাইফ সেরা উদ্যোক্তা পুরস্কায় জিতল আপন ওয়েলবিয়িং
পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সেবা ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ‘উদ্ভাবনী উপায়’ বাতলে ‘মেটলাইফ ফাউন্ডেশন ইনক্লুশন প্লাস’ প্রতিযোগিতায় সেরা উদ্যোক্তার পুরষ্কার জিতেছে আপন ওয়েলবিয়িং।
সোমবার ঢাকার ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক অনুষ্ঠানে আপন ওয়েলবিয়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাইফ রশিদের হাতে প্রায় ৪২ লাখ ৩৫ হাজার টাকার (৫০ হাজার মার্কিন ডলার) চেক তুলে দেওয়া হয়।
‘দ্যা ইনক্লুশন প্লাস’ প্রতিযোগিতাটি আন্তর্জাতিক বিমা প্রতিষ্ঠান মেটলাইফ ফাউন্ডেশন ও সামাজিক উদ্যোক্তা প্রতিষ্ঠান ভার্বের যৌথ উদ্যোগে নেওয়া কর্মসূচির অংশ। তিন বছর ধরে চীন, ভারত, মেক্সিকো, মিশরসহ বিশ্বের ১০টির বেশি দেশে আয়োজিত হলেও বাংলাদেশে তা এবারই প্রথম।
এ প্রতিযোগিতার আওতার ব্যাংকিং ও আর্থিক সেবার বাইরে থাকা মানুষদের সেবার আওতায় আনার লক্ষ্যে উদ্ভাবনী উপায় বা কৌশল জমা দেন উদ্যোক্তারা, সেখান থেকে সেরা পাঁচ উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে কাজ এগিয়ে নিতে তহবিল দেওয়া হয়।
প্রতিযোগিতার এবারের আসরে বাংলাদেশের ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে সেরা উদ্ভাবনী উপায়ের পুরষ্কার জিতে নেয় আপন ওয়েলবিয়িং লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে শপ ফ্রন্ট লিমিটেড ও গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স লিমিটেড। সেরা পাঁচে থাকা বাকি দুই প্রতিষ্ঠান হল, শক্তি ফাউন্ডেশন ও সাজিদা ফাউন্ডেশন।
অনুষ্ঠানে মেটলাইফের বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, নতুন উদ্যোক্তাদের গড়ে তুলতে এবং দেশের অর্থনৈতিক নানা সমস্যা নিরসনে মেটলাইফ ফাউন্ডেশন এরই মধ্যে ১২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।
“আমরা চাই, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু করতে। এরই ধারাবাহিকতায় এই প্রতিযোগিতার আয়োজন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে এম আব্দুস সালাম।
