২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিনর ইয়ুথ ফোরামের বাংলাদেশ পর্বের সূচনা

বৈষম্য ঘুচিয়ে মেধা বিকাশের পথ তৈরির প্রত্যয় নিয়ে শুরু হয়েছে ষষ্ঠ টেলিনর ইয়ুথ ফোরাম-টিওয়াইএফ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 05:51 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

এর অংশ হিসেবে শুরু হয়েছে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য তরুণ মেধাবীদের খুঁজে নেওয়ার কার্যক্রম।

সোমবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৮ এর বাংলাদেশ পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, “টেলিনর ইয়ুথ ফোরামের শেষ পাঁচ সংস্করণে বাংলাদেশের প্রতিনিধিরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সামাজিক সমস্যার সমধানে লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রেখেছে। আমাদের বিশ্বাস এ বছরও তার ব্যতিক্রম হবে না।”

টেলিনর ইয়ুথ ফোরাম (টিওয়াইএফ) একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যৌথভাবে যার ডিজাইন ও পৃষ্ঠপোষকতায় রয়েছে টেলিনর গ্রুপ এবং নোবেল পিস সেন্টার (এনপিসি)।

‘তরুণরাই পারে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীতে সত্যিকারের পরিবর্তন আনতে’- এ বিশ্বাসের ওপরই প্রতিষ্ঠিত হয়েছে টেলিনর ইয়ুথ ফোরাম।  এবারের ফোরামের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘ব্রাইট মাইন্ডস, রিডিউসিং ইনইকুয়ালিটিস’। 

সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর টিওয়াইএফের মাধ্যমে নিরাপদ ইন্টারনেট, ডিজিটাল পরিচয়, সামাজিক উন্নয়নে বিগ ডেটার ব্যবহার এবং নিরাপদ কর্ম পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইডিয়া তুলে আনা হবে তরুণদের কাছ থেকে।

২০ থেকে ২৮ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী, উদ্যোক্তা এবং উদ্ভাবকরা আগামী ৩১ জুলাই এর মধ্যে অনলাইনে (https://www.telenor.com/youthforum/apply-for-tyf-2018/) আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ২ জনকে বাছাই করা হবে আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে অনুষ্ঠেয় টিওয়াইএফ এর চূড়ান্ত পর্বের জন্য।

জরুরি সব সামাজিক সমস্যার সমাধানে ডিজিটাল সেবা তৈরিতে বছরজুড়ে তারা কাজ করবেন। তাদের কাজ চূড়ান্ত বিচারে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে মনে করছে টেলিনর ইয়ুথ ফোরাম।

গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী মিয়া মো খিয়াং ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিব রহমান শাওন নরওয়ের চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন এবং হেড অফ কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।