২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রয়লার মুরগির দাম বাড়লো

চাল-ডালসহ অধিকাংশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গত সপ্তাহের তুলনায় কমবেশি স্থিতিশীল থাকলেও হঠাৎ করে বেশ বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 03:56 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালী কাঁচাবাজারে দুই দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বেড়ে ১৬০ টাকায়ও বিক্রি হতে দেখা যায়।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝড়-বৃষ্টি-বাদলার কারণে সরবরাহের ঘাটতি হয়েছে। সেকারণে মুরগির দাম একটু বাড়তে পারে। কিন্তু সেটা দুই দিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে যাওয়া অস্বাভাবিক।”

মুরগির দাম হঠাৎ বেড়ে যাওয়াকে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করছেন এই খুচরা বিক্রেতা।

মতিন বলেন, “দুই দিন আগেও আমরা প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি করেছি ১৪০ টাকায়। আজ সেটা ১৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

“গুলিস্তানের কাপ্তান বাজারে মুরগির পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”

মুরগির পাশাপাশি গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েকটি সবজির দামও।

কারওয়ান বাজারে প্রতি কেজি করল্লা ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, ঢেঁড়শ ২৫ টাকা, পটল ৪০ টাকা, শসা ৩০ টাকা, বরবটি ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, টমেটো ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

তবে দুদিন ধরে বেগুন ও পেঁপের দাম কিছুটা বাড়তি বলে জানান কারওয়ান বাজারের বিক্রেতা নবীর উদ্দিন ও মহাখালীর সবজি বিক্রেতা শহীদুল্লাহ।

নবীর বলেন, “সবজির দাম একটু বাড়তি। বৃষ্টি বাদলের কারণে অনেক জায়গায় গাছ মরে গেছে। তাই দাম একটু বেড়েছে।”

বাজারে পেঁপে ও বেগুনের দাম সবচেয়ে বেশি বাড়তে দেখা গেছে। মহাখালী কাঁচাবাজারে প্রতিকেজি পেঁপে ৫০ টাকা এবং বেগুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান শহীদুল্লাহ।

দীর্ঘদিন পর বেশ কমে এসেছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম। তবে রসুনের দাম কিছুটা বাড়তে শুরু করেছে কয়েকজন বিক্রেতা জানিয়েছেন।

কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের পাল্লা (৫ কেজি) বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, ভারতীয় পেঁয়াজ ১২০ টাকায়। সেই হিসাবে কেজিপ্রতি দেশি পেঁয়াজ ৩৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজের দাম পড়ে ২৪ টাকা।

বিক্রেতা রাশেদ বলেন, গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার স্থিতিশীল। আগে দাম আরেকটু বেশি ছিল।

বাজারে দীর্ঘদিন ধরে আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও নতুন করে রসুনের দাম বাড়ার কথা জানিয়েছেন কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা সিরাজউদ্দিন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা ৮০ টাকা দরে চায়না রসুন বিক্রি করে আসছিলাম। আজই মোকামে দাম বেড়েছে কেজিতে অন্তত ৫ টাকা। সামনের দিনগুলোতে রসুনের দাম কিছুটা বাড়তে পারে।

কারওয়ান বাজারের দোকানগুলোতে মিনিকেট ৬২ টাকা, নাজিরশাইল ৫৫ টাকা থেকে ৭৮ টাকা, পাইজাম ৪০ টাকা থেকে ৪২ টাকা এবং মোটা স্বর্ণা চাল ৩৯ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এই বাজারে মতলব ট্রেডার্সের স্বত্ত্বাধিকারি আবু ইছহাক জগলু বলেন, গত একমাস ধরে চালের বাজার স্থিতিশীল আছে। এখন বোরো মওসুমের নতুন ধান উঠা শুরু করবে। তখন চালের দাম আরেকটু কমবে।