৬৪ জেলায় ‘পেপারফ্লাইয়ের’ সরবরাহ সেবা
যাত্রা শুরুর দুই বছরের মাথায় নিজস্ব কর্মী ও বাহনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় ডোর-টু-ডোর সরবরাহ সেবা ও ‘ক্যাশ অন ডেলিভারি’র সক্ষমতা অর্জনের দাবি করেছে ই-কমার্স লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই।
বৃহস্পতিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ই-কমার্স খাতের এ বিশাল সম্ভাবনা অনুধাবন করে পেপারফ্লাই দুই বছর আগে যাত্রা শুরু করে।
প্রথমদিকে ঢাকায় নিজেদের সেবা কার্যক্রম নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরে চট্টগ্রাম ও সিলেটে নিজেদের কার্যক্রম বিস্তৃত করে। চলতি বছর দেশের ৬৪ জেলা পেপারফ্লাইয়ের কার্যক্রমের আওতায় এসেছে।
পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, সমগ্র বাংলাদেশে সেবাদান বিশেষ করে, প্রত্যন্ত অঞ্চলে গ্রাহকদের ই-কমার্স সেবাগ্রহণে সক্রিয় করার ওপর জোর দিয়ে দেশের শক্তিশালী ডেলিভারি ইকোসিস্টেম বিনির্মাণে অগ্রগামী ভূমিকা পালন করছে পেপারফ্লাই।
