২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইন্দোনেশিয়া ফেয়ার’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্দোনেশিয়া ফেয়ার ২০১৮’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 12:56 AM

Updated : 11 Oct 2022, 12:18 PM

মঙ্গলবার রাজধানীর হোটেল লো মেরিডিয়ানে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো।

ইন্দোনেশিয়ার ৪৫টির বেশি কোম্পানি তাদের পণ্য-সেবা নিয়ে প্রদর্শনীতে হাজির হবে বলে জানান তিনি।

ইন্দোনেশিয়ান বাটিক, পোশাক, গহনা, হস্তশিল্প সামগ্রী, প্রক্রিয়াজাত খাবার, মশলাসহ প্রদর্শনীতে থাকছে নানা পণ্যের সমাহার।

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের কাছে ইন্দোনেশিয়ার সংস্কৃতিকে তুলে ধরাই এই প্রদর্শনীর উদ্দেশ্য। সেই সাথে আমরা চাই দুই দেশের মধ্যকার বাণিজ্য আরও সম্প্রসারিত হোক।”

হোটেল লো মেরিডিয়ানের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Image
ঢাকার লো মেরিডিয়ান হোটেলে মঙ্গলবার ইন্দোনেশিয়া ফেয়ার উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো। হোটেলটিতে আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে তিন দিনের এ মেলা।

ঢাকার লো মেরিডিয়ান হোটেলে মঙ্গলবার ইন্দোনেশিয়া ফেয়ার উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো। হোটেলটিতে আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে তিন দিনের এ মেলা।

রাষ্ট্রদূত জানান, প্রদর্শনীতে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত হবে বিজনেস ফোরাম, যেখানে ইন্দোনেশনিয়ার  ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের অংশীদার (পার্টনার) খুঁজে নেবেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য কী করে দুই দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা যায়। আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ করতে।

“ইন্দোনেশিয়ার জনসংখ্যা বর্তমানে ২৬ কোটির (২৬ কোটি ১১ লাখ) বেশি, সেক্ষেত্রে বাংলাদেশও এত বড় একটি বাজারে প্রবেশ করার সুযোগ পাচ্ছে- এভাবে আমরা দুই দেশই লাভবান হতে পারি।”

প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কের উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ঘাটতি দূর করা নিয়ে আলোচনা হবে বলে জানান ইন্দোনেশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ খান বেলাল।

তিনি বলেন, “বাংলাদেশে পণ্য রপ্তানিতে বিশ্বে ইন্দোনেশিয়ার স্থান চতুর্থ। যেখানে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার রপ্তানি আয় প্রায় দেড় বিলিয়ন ডলার ( ১১ হাজার ৮৪৫ কোটি টাকা) সেখানে বাংলাদেশের রপ্তানি আয় ৩৬৮ কোটি টাকা, এই বাণিজ্য ঘাটতি দূর করাই আমাদের মূল লক্ষ্য।”