২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা অভিযোগ তুলে ক্ষোভ গ্রামীণফোনের কর্মীদের

গ্রামীণফোন কর্তৃপক্ষের বিরুদ্ধে বেতন বৈষম্য, কর্মী ছাঁটাই, হয়রানিমূলক মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির কর্মীদের দুটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2018, 06:08 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন সব অভিযোগ তুলে ক্ষোভ জানায় গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইউ), গ্রামীণফোন পিপলস কাউন্সিল (জিপিসিসি)।

তবে গ্রামীণফোন কর্তৃপক্ষ কর্মীদের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সংবাদ সম্মেলনে জিপিসিসির চেয়ারম্যান মিয়া মাসুদ বলেন, তাদের বেতন দিন দিন কমিয়ে দেওয়া হচ্ছে।

“প্রচলিত অনেক সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়েছে জিপি। সময়ের সাথে বেতন বৃদ্ধির হারও কমিয়ে দিয়েছে। অতিরিক্ত সময় কাজ করতে হলেও অনেকেই অতিরিক্ত মজুরি পান না।”

গ্রামীণফোন সর্বশেষ তিন বছরে ৩৪ হাজার ৮০৫ কোটি টাকা রাজস্ব এবং নিট মুনাফা ৬ হাজার ৯৬৫ কোটি টাকা অর্জন করলেও নিচের সারির ২ হাজার কর্মীদের পেছনে ১ হাজার টাকা ব্যয় করেছে বলে একটি হিসাব দেখান মিয়া মাসুদ।

তিনি জানান, গত ২ বছরে ৬২৪ জন কর্মীকে স্বেচ্ছাঅবসর নিতে বাধ্য করেছে গ্রামীণফোন।

মিয়া মাসুদ বলেন, “এই অবসরজনিত কারণে বর্তমানে কর্মীদের উপর কাজের বোঝা বেড়েছে। আবার এই ২০০ কোটি টাকা খরচের (স্বেচ্ছা অবসরের) ফলে কর্মীদের একদিকে যেমন মুনাফা কমেছে, অন্যদিকে এমপ্লয়িদের বেতন বৃদ্ধির হার কমানো হয়।”

সম্প্রতি বাজার পরিস্থিতি বিবেচনায় গ্রামীণফোন পিপল কাউন্সিল (জিপিসিসি) ‘যৌক্তিক হারে’ বেতন বাড়ানোর প্রস্তাব দিলেও তা কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করে বলে জানান মিয়া মাসুদ।

জিপিসিসির বর্তমান সাধারণ সম্পাদক জাহিদুর রহমানের ‘মিথ্যা যৌন নিপীড়নের অভিযোগে ও হয়রানিমূলক মামলা’ করেছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। জিপিইউ, জিপিসিসির নেতারা বলেন, মামলাটি আদালতে নিস্পত্তি না হলেও তার আগেই গ্রামীণফোন জাহিদুরকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেয়।

মিয়া মাসুদ বলেন, জাহিদ গ্রামীণফোনের গুলশান লাউঞ্জের জিপিসির প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সারা বাংলাদেশে জিপিসির ৪০ জন কর্মীকে কিছু দিন আগে নানা অভিযোগে শোকজ করা হলে জাহিদ তাদের পাশে দাঁড়িয়েছিলেন। তখন গ্রামীণফোনের কমপ্লায়েন্স শাখার প্রধানসহ আরও অনেক কর্মকর্তা জাহিদের উপর ক্ষিপ্ত হন। তার জের ধরে জাহিদুরকে অব্যাহতি দেওয়া হয়।

জিপিসিসি নেতাদের অভিযোগ, কমিটি জাহিদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়নি।

তারা বলেন, পরে জাহিদ শ্রম আদালতে মামলা দায়ের করেন। 

এই মামলা চলমান অবস্থাতেই জাহিদকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে গ্রামীণফোন আদালত অবমাননা করেছে বলেও মনে করেন মিয়া মাসুদ।

সংবাদ সম্মেলনে জিপিইউয়ের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক জানান, রোববারের পর তারা নতুন আন্দোলনের কর্মসূচি জানাবেন।

গ্রামীণফোন কর্তৃপক্ষের বক্তব্য

জিপিসিসি ও জিপিইউয়ের আনা অভিযোগ প্রসঙ্গে গ্রামীণফোন কর্তৃপক্ষের বক্তব্য চাইলে এক ইমেইল বার্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জবাব দেওয়া হয়।

যৌন হয়রানির বিষয়ে গ্রামীণফোন 'জিরো টলারেন্স' নীতিমালা মেনে চলে জানিয়ে এতে বলা হয়, একজন ‌ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগগুলো গ্রামীণফোনের কর্মকর্তা এবং  বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বাংলাদেশ ন্যাশনাল উইমেন ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিএনডব্লিউএলএ) মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি স্বাধীন কমিটি নিবিড়ভাবে তদন্ত করে। এরপর হাই কোর্টের নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত পদ্ধতিতে ব্যবস্থা গ্রহণ করে।

“তবে এ বিষয়ে দুপক্ষেরই আইনগত দিক বিবেচনা করার সুযোগ আছে। বিষয়টির স্পর্শকাতরতা ও জড়িতদের গোপনীয়তা রক্ষার কথা বিবেচনা করে আমরা এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে বলে মনে করছি না।”

কর্মীদের অন্য দাবি-দাওয়ার বিষয়ে গ্রামীণফোন বলেছে, দেশের আইন অনুযায়ী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে কর্মীদের অভ্যন্তরীণ বিষয়গুলো সমাধান করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ২০১৭ সালে ভালো ব্যবসায়িক সাফল্যে কর্মীরা গত বছরের তুলনায় বেশি ত্রৈমাসিক পারফরম্যান্স বোনাস ইতোমধ্যে পেয়েছেন এবং একইভাবে উল্লেখযোগ্য পরিমাণ লভ্যাংশ শেয়ারও পেতে যাচ্ছেন।