২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়লা বৈশাখের আগে ইলিশের দর চড়া

পয়লা বৈশাখের একপক্ষ বাকি থাকতেই বাড়তি চাহিদার কথা বলে রাজধানীতে ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে।

জাফর আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 02:30 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

এক সপ্তাহের ব্যবধানে ছোট-বড় সব ধরনের ইলিশের দাম কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে।

রোববার রাজধানীর মিরপুর ৬ নম্বর বাজার, রূপনগর বাজার ও মহাখালী কাঁচা বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, ক্রেতারা আগে থেকেই পয়লা বৈশাখের জন্য ইলিশ কিনে রাখছেন। তাই বাড়তি চাহিদা তৈরি হওয়ায় ইলিশের বাজার দিন দিন চড়ছে।

রাজধানীর মিরপুরের ৬নং বাজারে দেখা যায়, ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এই আকারের মাছ কম দেখা গেছে।

ওই বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০০ টাকায়। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকায়। আর ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ টাকায়।

এবিষয়ে ওই বাজারের ইলিশ বিক্রেতা দাদন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি কেজি ইলিশ মাছের দাম গত সপ্তাহের তুলনায় কমপক্ষে ২০০-৩০০ টাকা বেড়ে গেছে।”

ইলিশের দাম বাড়ার কারণ জানতে চাইলে রাজধানীর কাওরান বাজারের আড়তে দাম বাড়ার কথা বলেন মিরপুরের এই বিক্রেতা।

“ইলিশের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আড়তদাররা দাম বাড়িয়ে দিয়েছেন। তাই আমাদেরও বাধ্য হয়ে বেশি দামে ইলিশ বিক্রি করতে হচ্ছে।”

মিরপুরের রূপনগর বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় আকার ভেদে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে ইলিশ বিক্রি করছেন দোকানিরা।

অন্যান্য মাছের তুলনায় ইলিশের যোগান একেবারেই কম দেখা যায় মহাখালী কাঁচা বাজারে।মাত্র দুজনের কাছে ইলিশ রয়েছে; তাও তারা বাড়তি দামেই বিক্রি করছেন।