নারায়ণগঞ্জে হুয়াওয়ের প্রিমিয়াম গ্রাহকসেবা কেন্দ্র
তথ্যপ্রযুক্তি এবং মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ১৬তম গ্রাহকসেবা কেন্দ্র সম্প্রতি নারায়ণগঞ্জে চালু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।
নারায়ণগঞ্জ সদরের বঙ্গবন্ধু সড়কের ফজর আলী ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত এই কেন্দ্রটির সার্বিক পরিচালনায় থাকছে গ্রামীণ টেলিকম।
এ গ্রাহকসেবা কেন্দ্র থেকে ক্রেতারা অভিজ্ঞ প্রকৌশলীদের কাছ থেকে সব ধরনের হার্ডওয়্যার রিপেয়ার সুবিধার পাশাপাশি সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ হালনাগাদ করতে পারবেন।
এছাড়াও কিছু নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনায় বর্ধিত (২ বছর) ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে এবং হুয়াওয়ের বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ক্রেতারা প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেবা নিতে পারবেন।
দেশব্যাপী হুয়াওয়ের ৬৬টি কালেকশন পয়েন্টও রয়েছে।
