২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৩১ মার্চেই হচ্ছে বেসিস নির্বাচন’

দেশের সফটওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন নিয়ে জটিলতার অবসান হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 04:36 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

৩১ মার্চ অনুষ্ঠেয় সংগঠনটির নির্বাচনের উপর বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে বলে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২৭ মার্চ রাতে নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে তারা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তিমন্ত্রীর দ্বারস্থ হলে দুই মন্ত্রীর আলোচনার প্রেক্ষিতে এই স্থগিতাদেশ প্রত্যাহার হয়।

আলমাস জানান, বেসিসের সদস্য মধুমতি টেকের স্বত্বাধিকারী রকিবুল মিনাসহ ১১ জনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের এক চিঠিতে ৬ মাসের জন্য নির্বাচন স্থগিত করার কথা জানানো হয়। পাশাপাশি বর্তমান কমিটিকে এই সময়ে দায়িত্বে থাকতে বলা হয়।

চিঠিতে বেসিসের গঠনতন্ত্র সংশোধনের অনুলিপি যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) ও মন্ত্রণালয়ে জমা না দেওয়া এবং বেসিসের অফিসিয়াল লোগো না পরিবর্তন করার অভিযোগ আনা হয়েছিল বলে তিনি জানান।

এসব অভিযোগের বিষয়ে আলমাস বলেন, “আগামী ৩০ দিনের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে গঠনতন্ত্রের সংশোধনী ডিটিও এবং আরজেএমসিতে জমা দেব।”