২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগোপযোগী ‘চিকিৎসা সেবা আইন’ চায় এফবিসিসিআই

যৌক্তিক ও যুগোপযোগী ‘চিকিৎসা সেবা আইন’ এবং ‘বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা’ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 11:45 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

‘দেশ ও জনগণের স্বার্থে’ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ চেয়েছেন তারা।

বুধবার এক সভায় জানানো হয়, আইন দুটির খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার চিকিৎসা সেবা সংক্রান্ত এই আলোচনার আয়োজন করে।

সভায় কুমুদিনি উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, গ্রিনলাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডেল্টা হাসপাতাল লিমিটেড, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, জাহান আরা ক্লিনিক লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বেসরকারি চিকিৎসা খাতের উন্নয়নে ‘আর্থিক নীতিমালা’ প্রণয়নের ওপরও গুরুত্ব আরোপ করা হয় বলে এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির চেয়ারম্যান এ বিএম হারুনের সভাপতিত্বে স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইন-চার্জ প্রীতি চক্রবর্তী, এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ ও সংগঠনের পরিচালক হাফেজ হারুন আলোচনায় অংশ নেন।

মুনতাকিম বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত ৩ নম্বর লক্ষ্যটি বাস্তবায়নে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।