হাসিনা ক্ষমতায় থাকলে বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার
শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন তার সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
মঙ্গলবার আইসিটি বিভাগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেন, “বঙ্গবন্ধুর সদূরপ্রসারি নেতৃত্বের মতোই সুদূরপ্রসারি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশকে উন্নয়নশীল বিশ্বে প্রবেশের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ- এটাই উন্নয়নের স্বীকৃতি।”
মোস্তাফা জব্বার বলেন, “শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ হাওয়া ভবনে পরিণত হত। তথ্য প্রযুক্তির প্রসারই যে উন্নয়নের চাবিকাঠি শেখ হাসিনা সেটা আগেই বুঝেছিলেন। তাই ১৯৯৭ সালেই হাই টেক পার্কের পরিকল্পনা করেছেন তিনি। এখন চীনা প্রতিষ্ঠান এই পার্কে বিনিয়োগ নিয়ে এসেছে।
“কিছু দিন আগেই বাংলাদেশ নাইজেরিয়ায় ল্যাপটপ রপ্তানি করেছে। এটাই যোগ্য নেতৃত্বের প্রমাণ। সামনে এই প্রধানমন্ত্রীর (শেখ হাসিনার) নেতৃত্ব পেলে বাংলাদেশ বিশ্বে নেতৃত্বে দেবে। সেজন্য এখনই আমাদের নতুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।”
বঙ্গবন্ধুর সুদূরপ্রসারি নেতৃত্বে আন্দোলনের বিভিন্ন ধাপ পেরিয়ে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয় জানিয়ে মন্ত্রী বলেন, “আজকের এই স্বাধীনতা হঠাৎ করে আসেনি। বঙ্গবন্ধুর সুদূরপ্রসারি নেতৃত্ব জনগণকে সঙ্গে নিয়ে ধাপে ধাপে বাংলাদেশ স্বাধীনতার দিকে এগিয়ে এসেছেন। এর মধ্যে রয়েছে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬ দফা আন্দোলন।”
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে ১৬ কোটি ছাত্র, জনতা আর সাধারণ মানুষের শ্রমের ফসল আজকের এলডিসি থেকে গ্রাজুয়েশন। দারিদ্র্য থেকে বেরিয়ে আমরা উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হচ্ছি।”
আইসিটি বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কেবল একটি আলোচনা সভা নয়, নতুন প্রজন্মের দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধকে উপলব্ধি করা, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করা।
“মুক্তিযোদ্ধাদের মতো নতুন প্রজন্ম যদি ত্যাগের মানসিকতা নিয়ে প্রস্তুত থাকে তাহলে কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।”
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের উন্নয়ন আনেক আগেই হয়ে যেত বলে মনে করেন পলক।
“আজকে আমাদের অর্থনৈতিক মুক্তি আসতে শুরু করেছে। এই মুক্তির স্বপ্নই দেখতেন বঙ্গবন্ধু। তিনি বেঁচে থাকলে ৩০ বছর আগেই আমাদের অর্থনৈতিক মুক্তি আসত। কারণ, তিনি মাত্র তিন বছরে এই ধরনের সুদূরপ্রসারি নেতৃত্ব দেখিয়েছিলেন।”
এক্ষেত্রে বঙ্গবন্ধু সরকারের বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন, প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের মতো পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।
আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এই অনুষ্ঠানে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মামুন আল রশিদ সভাপতিত্ব করেন। বিভাগের কর্মকর্তা কৃষ্ণা গায়েন, আবুল মনসুর সাইফুদ্দিন, একেএম খায়রুল আলম, পার্থ প্রতীম দে আলোচনায় অংশ নেন।
