২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিইও খুঁজছে বাংলালিংকের মালিকানা কোম্পানি

প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যঁ-ইভেস শার্লিয়ের পদত্যাগ করায় এই পদে নতুন কাউকে খুঁজছে বাংলালিংকের মালিকানা কোম্পানি নেদারল্যান্ডসভিত্তিক ভিওন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 09:53 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

নতুন সিইও না পাওয়া পর্যন্ত কোম্পানির চেয়ারম্যান উরসুলা বার্নসের দায়িত্বেও পরিবর্তন আনা কথা জানিয়েছে এই মোবাইল ফোন ও ইন্টারনেটে সেবাদাতা প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার ভিওনের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান উরসুলা বার্নস এখন নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। নতুন সিইও নিয়োগ হলে তিনি আগের দায়িত্বে ফিরে যাবেন।

Image
ভিওনের চেয়ারম্যান উরসুলা বার্নস। ছবি: রয়টার্স

ভিওনের চেয়ারম্যান উরসুলা বার্নস। ছবি: রয়টার্স

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী চেয়ারম্যানের ক্ষমতা বলে উরসুলা বার্নস এখন কোম্পানি পরিচালনা করবেন, ব্যবস্থাপনা এখন তার অধীনেই চলবে। বিশ্বব্যাপী ভিওনের কার্যক্রম তদারকিতে তাকে সহায়তা দেবেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মরটেন জনসেন।

বিশ্বজুড়ে ২৪ কোটি মানুষকে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা দিচ্ছে ভিওন; তার মধ্যে বাংলাদেশে বাংলালিংকের ৩ কোটি গ্রাহকও রয়েছেন।

বাংলালিংকের মালিকানা কোম্পানির নাম টেলিকম ভেঞ্চারস লিমিটেড, যার শতভাগ শেয়ারের মালিক গ্লোবাল টেলিকম হোল্ডিং। গ্লোবাল টেলিকমের ৫২ শতাংশ শেয়ারের মালিক ভিওন।

ভিওনের চেয়ারম্যান পদে উরসুলা ২০১৭ সালের জুলাই থেকে রয়েছেন। ভিওনে যোগ দেওয়ার আগে এই নারী তার আগে জেরক্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।  

ভিওনের বর্তমান সময়কে ‘জটিল’ আখ্যায়িত করে উরসুলা বলেছেন, এই সময়ে নতুন দায়িত্ব পাওয়ায় তিনি গর্বিত বোধ করছেন। 

Image
ভিওনের পদত্যাগী প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যঁ-ইভেস শার্লিয়ের। ছবি: রয়টার্স

ভিওনের পদত্যাগী প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যঁ-ইভেস শার্লিয়ের। ছবি: রয়টার্স

বেলজিয়ামের নাগরিক শার্লিয়ার কী কারণে ভিওনের সিইও পদ ছেড়েছেন, তা স্পষ্ট নয়। কোম্পানির বিজ্ঞপ্তিতেও কিছু বলা হয়নি। তবে উরসুলা ও শার্লিয়েরের কথায় মনে হচ্ছে, এই পরিবর্তন সম্প্রীতি বজায় রেখেই হয়েছে।

শার্লিয়েরকে ধন্যবাদ জানিয়ে উরসুলা বলেন, “গত তিন বছর আমাদের কোম্পানির সাফল্য ও ব্যবসায়িক ধারায় গতিময়তা এনে দায়িত্ব ছাড়ছেন তিনি। তবে অন্তর্বর্তী এই সময়ে তিনি আমাকে সহযোগিতা করবেন।”

শার্লিয়েরও উরসুলার নেতৃত্বে ভিওনের সাফল্য আশা করেছেন।