২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ত্রুটি নিজে খোঁজার কর্মসূচি প্রাণের

স্বাধীনতার মাসে জনসচেতনতা ও আত্মসমালোচনামূলক অভিনব কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 06:46 PM

Updated : 11 Oct 2022, 12:13 PM

‘দেশ আমার, দোষ আমার’ নামের এই প্রচারাভিযানে নাগরিক জীবনে নিয়মিত ঘটতে থাকা ছোট ছোট ভুলগুলো উঠবে; সচেতনতা সৃষ্টি হবে মানুষের মধ্যে।

রোববার রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

গত ২০ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

কর্মসূচির মধ্যে রয়েছে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে জনসচেতনতামূলক বার্তা প্রচার, প্রচারপত্র বিতরণ এবং রবীন্দ্র সরোবরে উন্মুক্ত কনসার্ট।

এছাড়া স্কুল-কলেজ, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে যেখানে ডাস্টবিন নেই, সেখানে আরএফএলের পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন করা হবে বলেও জানান পাল।

তিনি বলেন, “অভ্যাসবশত আমরা অনেক কাজ করি, যেগুলো দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। রাস্তায় যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী তোলা ও নামানো এবং গাড়ী পার্কিং করে- এতে যানজট তৈরি হয়। অনেক সময় দেখা যায় নির্ধারিত স্থানে ময়লা না ফেলে যেখানে সেখানে ফেলা হচ্ছে, ফলে আমরা আমাদের প্রিয় শহরকে পরিচ্ছন্ন রাখতে পারছি না।

“আমরা বেশিরভাগ সময়ই এসব ঘটনার জন্য সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানকে দোষারোপ করি। কিন্তু এর জন্য আমরা নিজেরাই দায়ী সে বিষয়টি ভুলে যাই। একটু সচেতন হলে এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।”

তিনি আরো বলেন, “দেশ বদলাতে হলে অবশ্যই আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। আমরা ঠিক থাকলে দেশ এগিয়ে যাবে, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।”

সংবাদ সম্মেলনে আরএফএল প্লাস্টিকস লিমিটেডের হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান, আরএফএলের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম ও প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেন এসময় উপস্থিত ছিলেন।