৪ মোটরবাইক দিয়ে কাওয়াসাকির যাত্রা শুরু
চারটি মডেলের মোটরসাইকেল উন্মোচনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে এল মোটর সাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাওয়াসাকি।
এ উপলক্ষে বুধবার ঢাকার গুলশানে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাওয়াসাকি হেভি ইন্ডাষ্ট্রিজের মোটরসাইকেল এ্যান্ড ইঞ্জিন কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার জিন ইনোয়ে।
আপাতত বাংলাদেশের বাজারে পাওয়া যাবে কেএলএক্স১৫০, দি-ট্রেকার, জেড১২৫ প্রো, কেএসআর১১০ প্রো মডেলের চারটি মোটরসাইকেল।
অনুষ্ঠানে জিন ইনোয়ে বলেন, “গত বছরের আগস্ট মাসে আমাদের কাওয়াসাকি টিম বাংলাদেশের মোটরসাইকেল বাজারের অবস্থা পরিদর্শন করে এবং আমরা মোটরসাইকেল মালিকদের মধ্যে মোটরসাইকেলের প্রতি অন্যরকম উদ্দীপনা দেখতে পেয়েছি।
“এশিয়ান মোটরসাইকেল লিমিটেডের সঙ্গে মিলে বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেল বাজারজাত শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং এ অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের মানুষকে আমরা সেরা অভিজ্ঞতা প্রদান করতে পারবো বলে আশা করছি।”
অনুষ্ঠানে এশিয়ান মোটরবাইকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান, পরিচালক কসুকে ইয়শিদা, পরিচালক আরমান রশিদ ও জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
