২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি এয়ারলাইনের কার্যক্রম নজরদারিতে সেল গঠনের দাবি

বাংলাদেশে বেসরকারি এয়ারলাইনগুলোর কার্যক্রম নজরদারির দাবি উঠেছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 07:54 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

শনিবার বিকালে কক্সবাজারে ইউএস-বাংলা এয়ারলাইন্স আয়োজিত ‘কাস্টমার সাকসেস সামিট ২০১৮’ এ আটাব (অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ) সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ এ দাবি তোলেন। 

তিনি বলেন, “বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো ফুয়েল চার্জ, হ্যান্ডেলিং চার্জের সুবিধা পায় না। এভাবে চলতে থাকলে এয়ারলাইন্সগুলো দুর্বল হয়ে যাবে। এজন্য এয়ারলাইন্সগুলো মনিটর করার জন্য একটা সেল গঠন করা যেতে পারে।”

এ খাতকে বাঁচিয়ে রাখলে জনগণ সুবিধা পাবে বলেও মন্তব্য করেন তিনি। 

“যারা ট্র্যাভেল এজেন্সির লাইসেন্স পেতে আবেদন করেন তারা যেন সঠিক সময়ে সেটা পান সে অনুরোধ করছি।”

পরে প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, “বাংলাদেশের এভিয়েশন শিল্পের বিকাশে সরকার ও মন্ত্রণালয়ের আন্তরিকতার ও সদিচ্ছার কোনো অভাব নেই। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। 

"কিভাবে বেসরকারি এয়ারলাইন্সকে মনিটর করতে সেল করা যায় সেটা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া যেতে পারে।"

কক্সবাজার বিমানবন্দরে যেন বোয়িং ৭৭৭ এয়ারক্রাফটসহ বড় এয়ারক্রাফট নামতে করতে পারে সেজন্য রানওয়ে ১০ হাজার ফুট বাড়ানোর কথাও জানান মন্ত্রী। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনিয়ট প্রিফনটেইন, 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।