২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আরেক রাইড শেয়ারিং সেবা ‘রেইডার’

ঢাকায় চালু হতে যাচ্ছে আরও একটি রাইড শেয়ারিং সেবা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 06:08 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

বুধবার ‘রেইডার’ নামের এই মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন সেবা চালুর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

এতে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি দিয়ে পরিবহন সেবা দেওয়া হবে।

জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এই সেবার বিভিন্ন তথ্য তুলে ধরেন রেইডার রাইডশেয়ার এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান গোলাম সারওয়ার, ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল আরেফিন রাসেল এবং মুখপাত্র এম এম রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে শুধু অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে Rayder App ডাউনলোড করা যাবে।

আইফোন ব্যবহারকারীদের জন্যও এই অ্যাপ ব্যবহারের সুবিধা নিশ্চিত করার কাজ চলছে। আগামী মাস থেকে আইফোন ব্যবহারীকারীরাও এই অ্যাপ ব্যবহার করতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নতুন এই অ্যাপে কিছু বাড়তি সুবিধা আছে বলে জানান চেয়ারম্যান গোলাম সারোয়ার।

তিনি বলেন, “রেইডারে কেউ গাড়ি দিতে চাইলে বাড়িতে বসেই নিবন্ধন করতে পারবেন, অফিসে আসতে হবে না। চালক হিসেবে নিবন্ধন করলে দুই হাজার টাকার সাইনআপ বোনাস পাওয়া যাবে। আর গাড়ির জন্য সাইনআপ বোনাস পাঁচ হাজার টাকা।

“এই অ্যাপ চালু করলেই ইউজাররা পাঁচটি প্রোমো কোড পাবেন। তবে এসব প্রোমো কোড এই মাসের মধ্যে ব্যবহার করতে হবে।”

প্রতিষ্ঠানটি প্রথমে আট হাজার গাড়ি নিবন্ধন করবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল আরেফিন।

“আমরা পুরোনো ভাঙাচোরা কোনো গাড়ি নেব না। এটা নিবন্ধন দেওয়ার আগেই দেখে নেওয়া হবে। এছাড়া বৈধ লাইসেন্স ছাড়া কোনো চালকও নেওয়া হবে না। আমরা চাই না অদক্ষ চালকদের জন্য কোনো দুর্ঘটনা ঘটুক।”

বর্তমানে রাজধানীতে উবার, পাঠাও, স্যামসহ বেশকিছু অ্যাপভিত্তিক পরিবহন সেবা চালু হয়েছে।