২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা-শ্রমিকের অবস্থা নিয়ে তথ্যভাণ্ডার ‘লিমা’

কারখানা পরিদর্শনের তথ্য ও শ্রম পরিবেশের সার্বিক চিত্র সংরক্ষণে লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বা লিমা নামের একটি সফটওয়্যার চালু করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 01:24 AM

Updated : 19 Aug 2022, 01:43 PM

কানাডা, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের অর্থিক সহায়তায় পরিচালিত আইএলও’র ‘পোশাক শিল্পের কর্মপরিবেশের উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের অংশ হিসাবে এই অ্যাপটি চালু করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার হোটেল আমারিতে লিমার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। ঢাকায় যুক্তরাজ্য, কানাডা ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক শামসুজ্জামান ভূইয়া, বিজিএমইএর পরিচালক সাইফু্দ্দিন, বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, শ্রমিক সংস্থা ইন্ডাস্ট্রিয়ল বাংলাদেশের মহাসচিব তাওহীদুর রহমান শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন অনুষ্ঠানে বক্তব্য দেন।

শ্রমিক নেতা তাওহীদ বলেন, লিমায় কারখানার সঠিক চিত্র পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সবার জন্যই সহজ হবে।

রাজেকুজ্জামান রতন বলেন, কারখানায় শ্রম পরিস্থিতি নিয়ে দর কষাকষির ক্ষেত্রে লিমা একটি মান নির্ধারকের ভূমিকা রাখবে। এর বাস্তবায়নে মানের ক্ষেত্রে আপস করলে আশানুরূপ সাফল্য আসবে না।

বিজিএমইএ নেতা সাইফুদ্দিন বলেন, গত পাঁচ বছরে পোশাক কারখানার উন্নয়নে দাতাদের অনেক সহায়তা পাওয়া গেছে। তার সর্বশেষ প্রমাণ হল লিমা। স্বচ্ছতা, জবাবদিহি ও তথ্যের সহজলভ্যতার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আইএলও কর্মকর্তারা জানান, চারটি ধাপে লিমায় কারখানার তথ্য সংরক্ষিত থাকবে।

এফডি বা ফ্যাক্টরি অ্যান্ড এস্টাবলিশমেন্ট ডেটাবেইজে কারখানাগুলো তাদের লেআউট প্ল্যানের অনুমোদন, নতুন লাইসেন্সের আবেদন, পুরনো লাইসেন্স নবায়ন ও সংশোধন করতে পারবে।

এলআইএস বিভাগে শ্রম পরিদর্শকরা তাদের ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে তাদের মাঠ জরিপের ফলাফল সংরক্ষণ করতে পারবেন।

ওএসএইচ বা অকুপেশনাল সেইফটি অ্যান্ড হেলথ বিভাগে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, জখম ও রোগব্যাধী সম্পর্কে কলকারখানা অধিপ্তরকে সহায়তার করবে।

এমআইএস বিভাগে কলকারখানা অধিদপ্তরের কাজের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার তথ্য রাখা হবে।