২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর দিয়েছে রবি, অন্য মামলা নিষ্পত্তিতেও ‘রাজি’

ব্যাংক হিসাব জব্দের আদেশের পর অঙ্গীকার করা বকেয়া ১৯ কোটি টাকা কর এনবিআরকে পরিশোধ করেছে রবি।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 09:35 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

একইসঙ্গে প্রতিষ্ঠানটির যে সব কর ফাঁকির মামলা রয়েছে, সেগুলো এডিআরের (বিকল্প বিরোধ নিস্পত্তি) মাধ্যমে সমাধান করারও প্রতিশ্রুতি দিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটরটি।

এনিয়ে সোমবার এনবিআরের সঙ্গে রবি আজিয়াটার কর্মকর্তারা বৈঠকে বসবেন বলে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিউ, মূসক) কমিশনার মতিউর রহমান।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকিং সময়ের মধ্যেই রবি ভ্যাট বাবদ যে ১৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৩২ টাকা ফাঁকি দিয়েছিল তার পুরোটাই পরিশোধ করেছে। অঙ্গীকার পূরণ করায় আমরাও তাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছি।”

“তারা অন্য বিষয়গুলোও অর্থাৎ রবির কর ফাঁকি সংক্রান্ত যে মামলাগুলো আছে, সেগুলো এখন এডিআরের মাধ্যমে সুরাহা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কাল এ বিষয়ে আমরা দুপক্ষ বসব,” বলেন তিনি।

রবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তারা ‘কিছু বলবেন না’ বলে জানিয়েছেন।

আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বল্পতম সময়ে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে বিকল্প বিরোধ নিষ্পত্তি -এডিআর বলা হয়ে থাকে।

প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে রবির অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে গত ২৬ ফেব্রুয়ারি সব ব্যাংকে চিঠি পাঠায় এনবিআর।

এনবিআরের ওই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টে একটি রিট আবেদন করে রবি। তাতে আদালতের রুলসহ আদেশ এসেছিল।

এনবিআর ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে হাই কোর্টের আদেশ স্থগিত হয়ে যায়। ফলে রবির ব্যাংক আকাউন্ট বন্ধের নির্দেশনাই বহাল থাকে। তখন টাকা দেওয়ার অঙ্গীকার করে রবি।

রবি আজিয়াটা লিমিটেড এর আগে দাবি করেছিল, কর ফাঁকির কোনো ঘটনাই ঘটেনি। তাদের সঙ্গে ‘দীর্ঘদিনের বিরোধের জেরে’ এনবিআর অ্যাকাউন্ট বন্ধের নির্দেশনা দিয়েছে।  

গত ৭ ফেব্রুয়ারি একজন অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে রাজস্ব বোর্ডের একটি প্রতিনিধি দল রবির করপোরেট অফিস পরিদর্শন করে। সে সময় ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত কোম্পানির সবশেষ আর্থিক বিবরণী এবং সিম বিক্রির কাগজপত্র সংগ্রহ করা হয়।

সেই কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, রবি অপরিশোধিত সম্পূরক শুল্ক, স্থান ও স্থাপনা ভাড়ার ওপর প্রযোজ্য অপরিশোধিত ভ্যাট, কম প্রদর্শিত সিমের ওপর প্রযোজ্য অপরিশোধিত সম্পূরক শুল্ক ও ভ্যাট এবং বিটিসিএল-কে প্রদত্ত সেবার ওপর প্রযোজ্য অপরিশোধিত ভ্যাট বাবদ মোট ১৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৩২ টাকা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা না দিয়ে কর ফাঁকি দিয়েছে।

পুরনো খবর:

রবির অ্যাকাউন্ট জব্দে ‘বাধা নেই’