ঢাকা হাফ ম্যারাথন অনুষ্ঠিত
ঢাকার হাতিরঝিলে ‘থাইজেন্ড মাইলস এক্সপেডিশন বাংলাদেশ’ ও ‘ঢাকা রান লর্ডস’ নামে দুটি সংগঠনের আয়োজনে হয়ে গেল ‘ঢাকা হাফ ম্যারাথন ২০১৮’।
শুক্রবার সকালে ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৭ কিলোমিটারের মিনি ম্যারাথনে দেশের নানা প্রান্তের ৬২ জন এবং সাতটি দেশের ৩৭ জন বিদেশি অংশ নেন বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীরা হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে থেকে দৌড় শুরু করেন এবং হাতিরঝিল এক্সপ্রেসওয়েতে তিন বার ঘুরে এসে তিন ঘণ্টা সময়ে ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় শেষ করেন।
অন্যদিকে মিনি মারাথনের অংশগ্রহণকারীরা হাতিরঝিল এক্সপ্রেস হয়ে একবার ঘুরে এক ঘণ্টা সময়ে ৭ কিলোমিটার দৌড় শেষ করেন।
হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে আব্দুর রহিম ও নারী বিভাগে সেউতি সবুর প্রথম এবং মিনি ম্যারাথনে পুরুষ বিভাগে শরীফুল ইসলাম ও নারী বিভাগে ক্লারা ডি গিরোলামো প্রথম হয়েছেন।
হাতিরঝিল সমন্বিত প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ পরে পুলিশ প্লাজা সংলগ্ন হাতিরঝিল পার্কিং জোনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ ম্যারাথনের সহআয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, ঢাকা হাফ ম্যারাথন ২০১৮-র আহ্বায়ক ও ঢাকা রান লর্ডসের পরিচালক ইমতিয়াজ ইলাহী এবং থাউজেন্ড মাইলস এক্সপিডিশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
