এসির পরিচর্যা সেবা দেবে হাইড্রোক্লিন বাংলাদেশ
অফিস-আদালত, কারখানা ও বাসা বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের পরিচর্যা সেবা নিয়ে এসেছে হাইড্রোক্লিন বাংলাদেশ লিমিটেড।
বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ প্রতিষ্ঠানের যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের পরিচর্যা সেবাদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান হাইড্রোক্লিন গ্লোবালের বাংলাদেশ শাখা হিসেবে তাদের এই যাত্রা।
২০০৯ সালে অস্ট্রেলিয়ায় কাজ শুরু করা হাইড্রোক্লিন গ্লোবাল বর্তমানে বিশ্বের ২২টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
“এয়ার কন্ডিশনারের আনাচে-কানাচে লুকিয়ে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ময়লা-আবর্জনা ধুয়ে বের করে পরিচর্যা সেবা প্রদানের এই পদ্ধতিকে বলে ‘ডাস্টবিহীন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা’,” বলেন হাইড্রোক্লিন গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা জন সেন্ডারস।
তিনি আরও বলেন, “এয়ার কন্ডিশনারের নিয়মিত পরিচর্যা না করা হলে ভেতরে যে ময়লা জমে তা থেকে বাতাস দূষিত হয়ে স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে পড়ে এবং এতে যন্ত্রটিও তাড়াতাড়ি ক্ষয়ে যায়, সেই সাথে ময়লা জমে যাওয়া যন্ত্র পরিষ্কার অবস্থার চেয়ে ৩০ শতাংশ বেশি বিদ্যুৎ খরচ করে।”
সেবাটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বাতাস দূষণকারী পদার্থ দূর করা, বাতাসের মান উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ খরচ কমিয়ে আনবে বলে জানান জন।
অনুষ্ঠানে সাংসদ শেখ ফজলে নূর তাপস, সড়ক ও সেতু বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, বেসিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আউয়াল খান, সংগীত শিল্পী সৈয়দ আবদুল হাদী, তপন কুমার চৌধুরী, লেখক ইমদাদুল হক মিলন, হাইড্রোক্লিন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাইসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
