আজিয়াটায় যোগ দিচ্ছেন রবির নওশাদ
কুয়ালালামপুরে আজিয়াটা গ্রুপ বারহাদের মানবস্ম্পদ বিভাগে যোগ দিচ্ছেন রবি আজিয়াটা লিমিটেডডের চিফ কর্পোরেট অ্যান্ড পিপলস অফিসার মতিউল ইসলাম নওশাদ।
অপারেটর রবি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১ মার্চ থেকে স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আজিয়াটা গ্রুপে দায়িত্ব পালন করবেন তিনি।
নতুন এই কাজ শুরুর মাধ্যমে রবিতে প্রথমে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এবং পরে চিফ কর্পোরেট অ্যান্ড পিপলস অফিসার হিসেবে আট বছরের কর্মজীবন শেষ করবেন নওশাদ।
তিনি ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি রবিতে যোগ দেন।
নওশাদ একটেলকে রবিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ক্রমাগত উন্নয়নের লক্ষ্যে কোম্পানিকে তিনি একটি নতুন কাঠামোয় দাঁড় করিয়েছেন। এছাড়া এয়ারটেল বাংলাদেশকে রবির সঙ্গে একীভূতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
নওশাদকে পরিবর্তনের দূত আখ্যা দিয়ে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে নওশাদ আজিয়াটা গ্রুপে আরো বড় দায়িত্ব পালনের জন্য যাচ্ছেন, কিন্তু রবির এই দায়িত্বশীল ব্যক্তিটির অভাব আমরা খুব অনুভব করব।”
২০১০ সালে যে অগ্রগতির ধারা শুরু করেছিলেন সেখানে অবদানের জন্য রবি পরিবারকে ধন্যবাদ জানান নওশাদ।
সরকার, গণমাধ্যম ও সুশীল সমাজের মূল্যবান অবদানের জন্য রবি যে অবস্থানে পৌঁছেছে সেজন্য তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “তাদের সহযোগিতা ছাড়া আমরা এতদূর আসতে পারতাম না; আমি তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।”
