২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রিয়ার ফেডারেল চেম্বারের সঙ্গে এফবিসিসিআই-এর সহযোগিতা চুক্তি

বাংলাদেশ ও অস্ট্রিয়ার শিল্প ও সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে অস্ট্রিয়ার ফেডারেল ইকনোমিক চেম্বারের (ডব্লিউকেও) সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশের শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 09:12 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) মিলনায়তনে ‘বাংলাদেশ-অস্ট্রিয়া ইকনোমিক অ্যান্ড ট্রেড ফোরাম’-এ এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুন্তাকিম আশরাফ ও অ্যাডভান্টেজ অস্ট্রিয়ার প্রধান ড. অস্কার অ্যান্ডেসনার নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে সই করেন। 

চুক্তি অনুযায়ী দুই পক্ষের প্রতিনিধি দল দুই দেশ সফর করবেন এবং উভয় দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষরে সহযোগিতা করবেন।

এছাড়া বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের উন্নয়নেও এফবিসিসিআই ও ডব্লিউকেও উদ্যোগী হবে।

ইউরোপীয় ইউনিয়নের দেশ অস্ট্রিয়ায় বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়। বাংলাদেশ ২০১৬ সালে অস্ট্রিয়ায় ৬৫ কোটি ইউরোর পণ্য রপ্তানি করে। এর বিপরীতে আমদানির পরিমাণ ছিল ১২ কোটি ইউরো।

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু ও বাংলাদেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ব্রিজিত অপিংগার ওয়ালসোফার উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।