২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপক্ষীয় বাণিজ্যে বাধা অবকাঠামোগত দুর্বলতা: শ্রিংলা

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে স্থলবন্দর ও অন্যান্য অবকাঠামোগত দুর্বলতাকে অন্যতম বাধা হিসেবে দেখছেন ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 07:18 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যবিষয়ক এক সেমিনারে তিনি বলেন, ভারত স্থল যোগাযোগে ব্যবহৃত অনেক অবকাঠামো উন্নত করলেও বিপরীত পাশে বাংলাদেশে কিছু সমস্যা থেকে গেছে। এসব কারণে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয় ও সময়ক্ষেপন হয়।

তিনি বলেন, “স্থল যোগাযোগের ক্ষেত্রে ভারতীয় অংশে সম্প্রতি বেশকিছু সংস্কার হয়েছে, আরও কিছু সংস্কার প্রক্রিয়া অপেক্ষমান। ভারতীয় অংশে ইতোমধ্যেই তিনটি স্বতন্ত্র চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্ট কাস্টমসের নানা কাজেও ব্যবহৃত হচ্ছে। চেকপোস্ট স্থাপনের ফলে খুবই সচারুরূপে সেখানে কাজগুলো দ্রুততার সঙ্গে হয়ে যাচ্ছে।”

দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে নীতিগত অন্যান্য সমস্যাগুলো পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে সমাধান করা সম্ভব বলেও মত দেন তিনি।

“যেভাবে কাজ করলে দুই দেশ উপকৃত হবে সেভাবেই সমস্যাগুলোর সমাধান করা উচিত। দ্বিপক্ষীয় বাণিজ্যের বিষয়ে হয়তো অনেক সমস্যা থেকে গেছে। দুই দেশের চেম্বার নেতারা এসব সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন,” বলেন তিনি।

কিছু বাধা থাকার পরও রাজনৈতিক সদিচ্ছার কারণে গত ১০ বছরে দুই দেশের বাণিজ্য অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেন এই কূটনীতিক।

শ্রিংলা বলেন, “২০০৮ সালের আগে দুই দেশের ব্যবসার কাঠামো উন্নয়ন ও অগ্রগতির জন্য সহায়ক ছিল না। আমি মনে করি উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও রাজনৈতিক সদিচ্ছার কারণে বর্তমানে পরিস্থিতির অনেক অগ্রগতি হয়েছে। গত ১০ বছরে ভারত ও বাংলাদেশের বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।”

তিনি জানান, ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যৌথভাবে বিএসটিআইর সঙ্গে কাজ করছে। দুই দেশের পণ্য বাণিজ্যে একটি সরল পদ্ধতি দাঁড় করানো চেষ্টা করছে। বাংলাদেশ থেকে ২১টি পণ্য বিএসটিআইএর সনদকে গ্রহণ করে ভারত।

ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইনডাস্ট্রি (আইআইসিসিআই) ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ (আইবিএফবি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করে আইবিএফবি পরিচালক এমএস সিদ্দিকী বলেন, বিভিন্ন নীতিগত বাধার কারণে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি বিঘ্নিত হয়। বাংলাদেশ থেকে ইউরোপের বাজারে যে মাছ রপ্তানি হয় ভারতের বাজারে তা গ্রহণযোগ্য হয় না।

তিনি বলেন, ভারতীয় আমদানিকারকদের ঘোষণা অনুযায়ী স্বল্প শুল্কে কোনো পণ্য রপ্তানি করার পর কাস্টমস সেগুলোকে উচ্চ শুল্কে তালিকাভুক্ত করে। ফলে রপ্তানি আদেশ ব্যর্থ হয়।

“ভারতীয় কাস্টমসে রাসায়নিক পরীক্ষার শর্ত দিয়ে পণ্য খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়। কাছাকাছি কোথাও টেস্টিং কেন্দ্র না থাকায় সেখানেই অনেক সময় নষ্ট হয়।”

আইবিএফবি সভাপতি হাফিজুর রহমান খান বলেন, বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির ক্ষেত্রে অনেক ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা রয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে এসব ট্যারিফ নিয়ে কিছু ভুল বোঝাবুঝিও রয়েছে।

“ভারতের আমদানিকারকদের সংগঠন আইআইসিআই সম্প্রতি ঢাকায় তাদের অফিস চালু করেছে। আশা করছি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর আলোচনার মাধ্যমে সব ধরনের ভুল বোঝাবুঝি দূর হবে।”

বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক হাফিজুর রহমান বলেন, ভারত বিশাল একটি দেশ, তাদের নীতি, আইন-কানুনও অনেক বেশি। এসব বাণিজ্যিক নীতির কারণে অনেক সময় বাংলাদেশি রপ্তানিকারকরা ভোগান্তিতে পড়েন। ভিন্ন ভিন্ন নামে নতুন নতুন নন-ট্যারিফ বাধা যোগ হয় ভারতীয় বাজারে।

তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগে যেতে হবে। এই দেশে পণ্য উৎপাদন হবে। বাংলাদেশ-ভারত দুই দেশে সমানভাবে পণ্যের বাজার সৃষ্টি হবে।”

আইআইসিসিআইয়ের সভাপতি এ কে শিখসেনা, পরিচালক টিকে পান্ডে সেমিনারে উপস্থিত ছিলেন।