২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নৈতিক ব্যাংকিংয়ে’ জোর ইসলামী ব্যাংক চেয়ারম্যানের

দেশের ব্যাংকিং খাতে ‘নৈরাজ্য চলছে’ মন্তব্য করে এ খাতে সুশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 09:54 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

রোববার ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) রিসার্চ অ্যান্ড ট্রেনিং একাডেমি আয়োজিত ‘কর্পোরেট গর্ভন্যান্স, রেগুলেশন ও সুপারভিশন অব ইসলামিক ব্যাংকস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একের পর এক আর্থিক অনিয়ম ঘটছে। এক্ষেত্রে নৈতিক ব্যাংকিং রক্ষাকবচ হতে পারে। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা দরকার।”

আইবিসিএফের ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রশিক্ষাণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন আরাস্তু খান।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালক ফরিদউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সিরাজুল হক, বাংলাদেশ ইনিস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেণ্টের সহযোগী অধ্যাপক মো. আলমগীর, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন অফিসার লোপা রহমানসহ নয় ব্যাংকের নির্বাহী কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

চট্টগ্রামে গ্রাহক সমাবেশ

বন্দরনগরী চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক সমাবেশ হয়েছে।

রোববার একটি কমিউনিটি সেন্টারে ক্যাশ ওয়াকফ ক্যাম্পেইন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে ব্যাংকটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, তাদের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনের প্রধান মো. সালেহ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম বক্তব্য দেন।