২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গ্রামীণফোনের ফোর-জি

সেরা সেবার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে রাজশাহী শহরের কিছু এলাকায় ফোর-জি সেবা চালু করেছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 05:24 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রামীণফোনের হেড অফ ট্র্যান্সফরমেশন কাজী মাহবুব হাসান রোববার রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে ফোর-জি চালুর ঘোষণা দেন।

গ্রামীণফোনের ডিরেক্টর ডেপ্লয়মেন্ট অ্যান্ড প্রোজেক্ট, টেকনোলজি বিভাগ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রাজশাহী বিজনেস সার্কেল প্রধান তৌহিদুর রহমান তালুকদার এসময় উপস্থিত ছিলেন।

বর্তমানে রাজশাহীর নিউ মার্কেট এবং আলুপট্টি এলাকায় ফোর-জি সেবা চালু হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং খুলনার কিছু এলাকাতেও ফোর-জি চালু আছে। বেশিরভাগ বিভাগীয় শহরে অচিরেই এই সেবা চালু হবে।

মাহবুব হাসান বলেন, “গ্রামীণফোন রাজশাহীর গ্রাহকদের জন্য সেরা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ফোর-জির ক্ষেত্রেও এর কোনো ব্যাতিক্রম হবে না। রাজশাহীর মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসাগুলো ফোর-জি চালু হওয়ায় বিপুলভাবে উপকৃত হবে।”

ফোর-জি বিস্তারের সাথে সাথে নেটওয়ার্কের আধুনিকায়নের ফলে গ্রাহকরা এইচডি ভিডিও, লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডিও কল আর দ্রুতগতির ডাউনলোড উপভোগ করতে পারবেন।

গ্রাহকরা *১২১*৩২৩২# ডায়াল করে জানতে পারবেন যে তাদের সিম ৪জি উপযোগী কি না। যদি না হয় তাহলে নিকটস্থ সিম পরিবর্তন কেন্দ্র বা গ্রামীণফোন সেন্টারে গিয়ে সিম পরিবর্তন করতে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও তাদের একটি ফোর-জি উপযোগী হ্যান্ডসেটও প্রয়োজন হবে।