২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু’টি ফোর-জি স্মার্টফোন আনছে গ্রামীণফোন

ফোর-জি লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন এই প্রযুক্তি ব্যবহারের উপযোগী দুইটি স্মার্টফোন আনতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 05:00 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে গ্রামীণফোনের সেবা ও বিক্রয়কেন্দ্রগুলোতে ‘উই টি-১’ এবং ‘মাইক্রোম্যাক্স ক্যানভাস-১’ নামের স্মার্টফোন বিক্রি শুরু হবে।

রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে নতুন এই দুইটি স্মার্টফোন উন্মোচন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি।

গ্রামীণফোন, মাইক্রোম্যাক্স ও আমরা লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নাসিম পারভেজ বলেন, “ফোর-জি উচ্চগতির নেটওয়ার্ক বলে এটি ব্যবহারে আধুনিক ও উপযোগী স্মার্ট হ্যান্ডসেট দরকার। তাই দেশের মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে সাশ্রয়ী মূল্যে ফোর-জি ব্যবহার উপযোগী মোবাইল সেট বাজারজাত করায় আমি ‘মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স’ ও ‘আমরা হোল্ডিংসকে’ সাধুবাদ জানাই।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি বলেন, “১৯ ফেব্রুয়ারি আমরা ফোরজির লাইসেন্স পেতে পারি। লাইসেন্স পাওয়ার পরপরই ফোরজি সেবা দেওয়া শুরু হবে।”

উই টি-১ স্মার্টফোন; দাম ৪,৪৪৪ টাকা

পাঁচ ইঞ্চি মনিটরের এ সেটটিতে রয়েছে এইচডি ডিসপ্লে, ২.৫ ডি কার্ভড গ্লাস, ২২০০ এমএএইচ ব্যাটারি। ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর (এমটিকে ৬৭৩৭) প্রসেসরের ফোনটিতে রয়েছে ৮ জিবি রম এবং এক জিবি র‌্যাম।

ফোনটির সামনে-পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেল বিএসআই ক্যামেরা। জেট ব্ল্যাক ও কসমিক ব্ল্যাক এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে।

এ ফোনটি কিনলে ক্রেতারা বিনামূল্যে ৫০ জিবি উইক্লাউড স্টোরেজ পাবেন।

মাইক্রো ক্যানভাস-১; দাম ৭,৫৯৯ টাকা

এ ফোনটিতেও রয়েছে পাঁচ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ২.৫ ডি কার্ভড গ্লাস ও ২৫০০ এমএএইচ ব্যাটারি। ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর (এমটিকে প্রসেসর) ফোনটিতে রয়েছে ১৬ জিবি রম, দুই জিবি ডিডিআর ৩ র‌্যাম।

এর পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, সাথে এলইডি ফ্ল্যাশ এবং অটোফোকাস।

এ ফোনটিতে চমকৎকার ছবির জন্য রয়েছে ফেস বিউটি মোড, বয়স শনাক্তকরণ ফিচার, ওয়াটার মার্ক ফিচার ও টাইম ল্যাপস।

অনুষ্ঠানে জানানো হয়, দুটি ফোনের সঙ্গে ক্রেতারা পাবেন বিনামূল্যে চার জিবি ইন্টারনেট, ৫০ মিনিট টকটাইম এবং ২৯ টাকায় এক জিবি ইন্টারনেট।

এই অফার ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ১২ বার নেওয়া যাবে। ডেটা ও ভয়েসের মেয়াদ থাকবে সাত দিন।