২৬ শ্রমিককে ‘বাইরে রেখে’ চালু হল আশিয়ানা গার্মেন্টস
আন্দোলনের পর বন্ধ হওয়া কারখানা চালু হলেও ২৬ জন শ্রমিককে বাইরে রাখার অভিযোগ উঠেছে রামপুরার আশিয়ানা গার্মেন্টসের বিরুদ্ধে।
বুধবার গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের এক বিবৃতিতে ওই শ্রমিকদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং গ্রেপ্তারদের মুক্তির দাবি জানানো হয়েছে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদারের বিবৃতিতে বলা হয়, “শ্রমিকদের আন্দোলনের মুখে বেআইনিভাবে বন্ধ থাকা রামপুরার আশিয়ানা গার্মেন্ট কারখানা বুধবার সকালে খুলে দেওয়া হয়েছে। কিন্তু কারখানায় ট্রেড ইউনিয়ন সংগঠিত করার কাজে সংশ্লিষ্ট ২৬ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত আদেশ দিয়ে কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে।”
এছাড়াও মালিকপক্ষের ‘মিথ্যা’ মামলায় শ্রমিক নেতা রাসেল আহমেদ ও মুন্না মিয়াকে কারান্তরীণ করে রাখার কথা উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, “গত বছর মে মাসে আশিয়ানা কারখানার শ্রমিকরা একটি ইউনিয়ন গঠন করে আইনি পথে তা নিবন্ধনের আবেদন করেছিল। মালিকপক্ষ তার সর্বশক্তি নিয়োগ করে নিবন্ধন না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। শ্রমিকরা যাতে ভবিষ্যতে শ্রমিক ও শিল্পের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল কোনো ট্রেড ইউনিয়ন নিবন্ধন নিতে না পারে সেজন্য মালিকপক্ষ কারখানার ব্যবস্থাপনা কর্মকর্তাদের শ্রমিক সাজিয়ে একটি ভুয়া ইউনিয়ন নিবন্ধন নেওয়ার ব্যবস্থা করে।”
ইতোপূর্বে কারখানার মালিক পক্ষ শ্রমিকদের মধ্যে নেতৃস্থানীয়দের চাকুরিচ্যুতির একাধিক উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “সর্বশেষ তারা কারখানার লাইন আয়রনম্যান মামুনকে বেআইনিভাবে বরখাস্ত করলে শ্রমিকরা তার প্রতিবাদ জানায়। এ ঘটনার পরের দিন ৩০ জানুয়ারি কারখানা কর্তৃপক্ষ সম্পূর্ণ বেআইনিভাবে কারখানা বন্ধ ঘোষণা করে।
“সমস্যা সমাধানে পরের দিন নির্ধারিত সভাকে কেন্দ্র করে শ্রমিকরা মালিক সমিতি বিজিএমইএ কার্যালয়ে গেলে আলোচনা হবে না বলে বিজিএমইএ কর্তৃপক্ষ জানিয়ে দেন।
“শ্রমিকরা কারখানা খুলে দেয়ার দাবিতে সেখানে শান্তিপূর্ণ সমাবেশ শুরু করলে একপর্যায়ে বিজিএমইএ’র সিনিয়র অতিরিক্ত সচিব মনসুর খালেদের নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলা করা হয়। হামলার ঘটনায় থানা মালিকপক্ষের মামলা গ্রহণ করে শ্রমিকদের গ্রেপ্তার করলেও শ্রমিকপক্ষের মামলা ফিরিয়ে দেয়া হয়।”
গার্মেন্টের মালিকপক্ষের করা ওই মামলায় দুই শ্রমিক নেতা রিমান্ডের পর এখন কারাগারে আছেন বলে জানানো বিবৃতিতে।
