২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হচ্ছে টাঙ্গাইল কটন মিল

লোকসানের মুখে পড়ে দুই যুগ আগে বন্ধ হয়ে যাওয়া টাঙ্গাইল কটন মিল চালুর প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 05:22 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পিপিপির আওতায় মিলটি চালুর প্রস্তাব অনুমোদন দেয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বিটিএমসির নিয়ন্ত্রণাধীন টাঙ্গাইল কটন মিলকে পিপিপির আওতায় একটি আধুনিক কম্পোজিট টেক্সাইল ইন্ডাস্ট্রিতে বাস্তবায়নের জন্য রামিছা গ্রুপের আনসলিসিটেড প্রোপোজাল নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পিপিপির আওতায় মিলটি চালু করতে মন্ত্রণালয় এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে ‘ডেভেলপমেন্ট অব টাঙ্গাইল কটন মিলস অ্যাট মির্জাপুর টাঙ্গাইল’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্ধ কারখানাগুলো নিয়ন্ত্রণে নিয়ে পিপিপির আওতায় আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

১৯৬২ সালে বাংলাদেশ বস্ত্রশিল্প করপোরেশন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে টাঙ্গাইল কটন মিল নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলে, লোকসানের মুখে যা ১৯৯৪ সালে বন্ধ হয়ে যায়।

ভোলায় আরও তিন বছর রেন্টাল বিদ্যুৎকেন্দ্র

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভেনচুরি এনার্জি রিসোর্স লিমিলেটেডের ভোলায় ৩৪ দশমিক ৫০ মেগাওয়াট গ্যাসচালিত রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধি ও বর্ধিত মেয়াদের জন্য দর অনুমোদন দিয়েছে বলে জানান মোস্তাফিজুর।

তিনি বলেন, “মেয়াদ বেড়েছে তিন বছর। আর প্রতি কিলোওয়াট ঘণ্টার দর নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ২১০৫ টাকা।”

এছাড়া প্যারামাউন্ট বিট্যাক এনার্জি কনসোর্টিয়াম কর্তৃক সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে পাঁচ বছর মেয়াদে ২০০ মেগাওয়াট ক্ষমতার এইচএসবি আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য স্পন্সরের সঙ্গে চুক্তির প্রস্তাবও অনুমোদন করেছে ক্রয় কিমটি।

প্রতি কিলোওয়াট ঘণ্টার দর নির্ধারণ করা হয়েছে ১৯ দশমিক ৯৬৩৯ টাকা।