২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের সিটিও হলেন রাদে কোভাসেভিচ

মোবাইল অপারেটর গ্রামীণফোনের প্রধান টেকনোলজি অফিসার (সিটিও) পদে নিয়োগ পেয়েছেন রাদে কোভাসেভিচ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 12:08 AM

Updated : 19 Aug 2022, 01:34 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাদে গত বছর ১৮ জুন থেকে গ্রামীণফোনের অস্থায়ী সিটিও হিসেবে কর্মরত ছিলেন। ৩০ জানুয়ারি তাকে এই পদে স্থায়ী করা হয়।

টেলিকম শিল্পে বিভিন্ন পদে কাজের ১৭ বছরের অভিজ্ঞতা রয়েছে রাদের। গ্রামীণফোনে যোগ দেওয়ার আগে তিনি টেলিনর গ্রুপের হেড অফ আইটি এশিয়া (ভারপ্রাপ্ত) টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস হিসেবে কর্মরত ছিলেন। তার আগে টেলিনর ইন্ডিয়াতে হেড অফ সোর্সিং হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

রাদে কোভাসেভিচ বলেন, “উন্নত নেটওয়ার্ক এবং উদ্ভাবনী সেবার জন্য পরিচিত একটি গতিশীল প্রতিষ্ঠানের অংশ হতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। ৬৫ মিলিয়ন গ্রাহকের জন্য জরুরি মোবাইল সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি কৃতজ্ঞতা বোধ করছি।"

সিটিও পদে তাকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, “রাদে এই শিল্প এবং টেলিনর গ্রুপে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। ২০১৮ সাল এবং পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আইটি ও নেটওয়ার্ক বিষয়ে তার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগবে।"

মন্টেনেগ্রোর নাগরিক রাদে ইউনিভার্সিটি অফ মন্টেনেগ্রা থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে এমএসসি ডিগ্রি নিয়েছেন। তিনি তিন সন্তানের জনক।