২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ঢাকার অনলাইন স্কুল

ডিজিটাল মার্কেটিং-এ দক্ষতা বাড়াতে নতুন উদ্যোক্তাদের জন্য যাত্রা শুরু করল স্টার্টআপ ঢাকার অনলাইন স্কুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 10:59 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

রাজধানীর ইএমকে সেন্টারে সোমবার বিকালে এই অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়।

স্টার্টআপ ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর আর খান বলেন, “২০১৮ সালের শেষ নাগাদ আমরা অন্তত ১০০টি লেসন চালু করব, যা দেশের প্রায় ১০ হাজার নতুন উদ্যোক্তাকে ব্যবসা শেখাতে সহায়ক হবে।”

অনলাইন কুইজের মাধ্যমে আগ্রহীদের বিনা খরচে এই কোর্সগুলো শেখানো হবে। প্রতিটি কোর্স পাস করলে তারা সার্টিফিকেট পাবেন। এছাড়া দক্ষ মেনটরদের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের ব্যবসার প্রক্রিয়া শেখানো হবে বলে জানান তিনি।

স্টার্টআপ ঢাকার এই অনলাইন স্কুল যাত্রা শুরু করল স্টার্টআপ বাংলাদেশের সহযোগিতায়। এ জন্য স্টার্টআপ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুস্তাফিজুর।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান অনুষ্ঠানে বলেন, “আমাদের শুধু ‘ভালো’ হয়ে বসে থাকলে চলবে না, আমাদের ‘উত্তম’ হতে হবে। স্টার্টআপ ঢাকার এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ব্যবসা ক্ষেত্রে ভালো থেকে উত্তমের দিকে ধাবিত হবে।”

স্টার্টআপ বাংলাদেশের উপদেষ্টা টিনা জামান বলেন, “তৈরি পোশাক ও বস্ত্র খাত যেরকম বাংলাদেশের অর্থনীতির প্রাণ হয়ে উঠেছে, একইভাবে আমরাও উচ্চ শ্রেণির ডিজিটাল কাজের কেন্দ্রবিন্দু হতে চাই। এক্ষেত্রে স্টার্টআপ ঢাকা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

স্টার্টআপ বাংলাদেশ ও ইএমকে সেন্টারের অর্থ-সহযোগিতায় স্টার্টআপ ঢাকা এই অনলাইন স্কুলটি চালু করেছে।