বিজিএমইএ পর্ষদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি
গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ-এর বর্তমান কমিটির মেয়াদ আরও একবছর বাড়ানোর যে সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, তা বাতিলের দাবি জানিয়েছে নির্বাচনের জন্য গঠিত ‘স্বাধীনতা পরিষদ’ নামে ব্যবসায়ীদের একটি প্যানেল।
তাদের দাবি, সরকারকে ভুল বুঝিয়ে বিজিএমইএ-এর বর্তমান কমিটি সরকারের কাছ থেকে মেয়াদ বাড়িয়ে নিয়েছে।
ওই সিদ্ধান্ত বাতিল করে শিগগিরই নির্বাচন না দিলে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন এই অংশের ব্যবসায়ী নেতারা।
শনিবার ঢাকার লা-ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বাধীনতা পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, তারা নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি নেওয়ার পর গত ২৮ জানুয়ারি মনোনয়নপত্র কিনতে গিয়ে জানতে পারেন, বর্তমান পর্ষদ তাদের মেয়াদ বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে। এরপর ২৯ জানুয়ারি বিজিএমইএ ২০১৮-২০২০ মেয়াদের নির্বাচনের কার্যক্রম বাতিল করে।
“আমরা নির্ভরযোগ্য্য সূত্রে জানতে পেরেছি, বর্তমান পর্ষদ বিজিএমইএ ভবন ভাঙা, মজুরি বোর্ড গঠন ও আসন্ন জাতীয় নির্বাচনের কারণ দেখিয়ে এই কমিটির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল। এসব কারণের সঙ্গে বিজিএমইএ-এর নির্বাচনের কোনো সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করি না।”
জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান কমিটির মেয়াদ এক বছর বাড়ানোর আবেদন বিধি সম্মত হয়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনে তারা আদালতে শরণাপন্ন হবেন।
“এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সমিতির জরুরি সভা ডেকে সাধারণ সদস্যদের মতামত নেওয়া বাঞ্ছনীয় ছিল। অথচ তা করা হয়নি।”
তৈরি পোশাক শিল্পের বর্তমান সমস্যা মোকাবেলা করার জন্য যোগ্য নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলেও মন্তব্য করেন ডিজাইন অ্যান্ড সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর।
জিএমইএর বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটির দুই বছরের মেয়াদ গত বছরের ২১ সেপ্টেম্বর শেষ হয়। সে সময় কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়।
গত ১৮ ডিসেম্বর বিজিএমই নির্বাচনের জন্য যে তফসিল ঘোষণা হয়েছিল, সেখানে মনোনয়ন দাখিলের জন্য ৩০ জানুয়ারি শেষ তারিখ রাখা হলেও তার আগের দিন বাণিজ্য মন্ত্রাণালয় এক চিঠিতে নির্বাচন এক বছর স্থগিত করার নিদের্শনা পাঠায়।
লা-ভিঞ্চি হোটেলে স্বাধীনতা পরিষদের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ডিলাক্স অ্যাপারেলসের মালিক দেলোয়ার হোসেন, নোভা অ্যাপারেলসের মালিক শহীদুর রহমান, আজরা এন্টারপ্রাইজের মালিক আনসারুল আলম লিংকন, প্রিয়াংকা ফ্যাশনসের মো. ওয়ালীউল্লাহ এবং ওয়েমার্ট এপারেলসের আয়েশা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।
