বাড়তি সময়ে জমজমাট বাণিজ্যমেলা
সারা মাসে যাদের আসার সুযোগ হয়নি, কেনা হয়নি পছন্দের জিনিসটি- তাদের কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বৃদ্ধি এসেছে বড় একটি সুযোগ হিসেবে। বর্ধিত সময়ে মেলামুখী হচ্ছেন হাজার হাজার মানুষ, বেচাকেনায়ও সন্তুষ্ট স্টল মালিকরা।
বর্ধিত সময়ের দ্বিতীয় দিন শুক্রবার সকালের দিকে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীর খরা থাকলেও বিকালে পাল্টে যায় দৃশ্য। মেলার ভেতরের চলাফেরার পথসহ সব জায়গা ভরে উঠে দর্শনার্থীদের পদচারণায়। শনিবারও মেলার স্টলে স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, সন্ধ্যার পর মেলায় ঢোকাই কঠিন হয়ে যায়।
বাড়তি সময়ের বেচাকেনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন পানি বিশুদ্ধকরণ যন্ত্রপাতির বিপণনকারী প্রতিষ্ঠান ওয়াটার কেয়ারের ব্যবস্থাপক আবুল হোসেন জীবন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়তি চার দিনে প্রায় এক লাখ টাকার মতো খরচ করতে হচ্ছে। তবে শুক্রবার থেকে যথেষ্ট বেচাকেনা হওয়ায় সেই খরচ পোষানো যাচ্ছে।
এই স্টলে ওয়াটার ফিল্টার কিনতে আসা মাদারীপুরের এক কলেজ শিক্ষার্থী শামীম আহমেদ বলেন, ইচ্ছা থাকলেও নানা ব্যস্ততার কারণে নির্দিষ্ট সময়ে মেলায় আসতে পারেননি। মেলার সময় বৃদ্ধিটা তার জন্য বিশেষ সুযোগ হয়ে এসেছে।
পরিবারের পাঁচ সদস্য নিয়ে মেলাপ্রাঙ্গণ ঘোরার পাশাপাশি বেশ কিছু কেনাকাটাও করেন শামীম। এলাকায় পানি বিশুদ্ধকরণ কারখানা নির্মাণের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোও জেনে তিনি।
শামীম বলেন, মাদারীপুরে বিশুদ্ধপানির একটি ব্যবসা চালুর পরিকল্পনা রয়েছে। মেলায় ফিল্টারের শোরুম দেখে প্রয়োজনীয় কিছু জেনে নিলাম। এখন যে কোনো সময়ে কাজটি শুরু করা যাবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলার মাসজুড়ে ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক সাড়া পেয়েছেন তারা। বিশেষ করে ছুটির দিনগুলোতে ক্রেতাদের সামলাতে হিমশিম খেতে হয়।
মেলার শেষ শুক্রবারও অনেক বিক্রি হয়েছে বলে জানান তিনি।
এই স্টলের এক বিক্রয়কর্মী বলেন, দেশে উৎপাদিত পেয়ালা, কাপ, পিরিচসহ অন্যান্য পণ্যগুলোর মান ভালো হলেও দাম তুলনামূলক কম। ফলে দর্শনার্থীরা খুব সহজেই এসব পণ্যের প্রতি ঝুঁকছেন।
কাঠ দিয়ে নির্মিত রুটি তৈরির যন্ত্র নিয়ে বাণিজ্য মেলায় তিনটি স্থানে বসেছে দেশীয় প্রতিষ্ঠান রিঙ্গো রুটি মেকার। আড়াই হাজার থেকে তিন হাজার টাকা দামের এসব যন্ত্র দিয়ে এক নিমিষেই নিখুঁতভাবে তৈরি করা যাচ্ছে আটার রুটি।
কোম্পানির পরিচালক মনিরুজ্জামান জানান, মেলা উপলক্ষে তারা কমপক্ষে ৫০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছেন। ফলে ক্রেতারাও কিনে নিচ্ছেন রুটি তৈরির মেশিনগুলো।
শেষ সময়ে বাণিজ্য মেলায় প্রায় সব ধরনের পণ্যই বেশ বিক্রি হচ্ছে। তবে এর মধ্যে বেচা-বিক্রি নিয়ে অসুন্তুষ্টিও রয়েছে অনেক স্টলমালিকের।
মেলায় ব্লেজারের স্টল দেওয়া নিউ মার্কেটের ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, সারা মাসে মেলায় ছুটির দিনগুলোতে কিছুটা বেচা-বিক্রি হয়েছে। তবে যে টাকা খরচ করে তারা মেলায় এসেছেন তাতে সেই খরচ উঠবে না। বাড়তি সময়ের জন্যও বেশ কিছু টাকা গুণতে হচ্ছে। কিন্তু সেই তুলনায় ক্রেতাদের সাড়া নেই।
১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০১৮। মাসব্যাপী মেলার শেষ দিকে এসে চারদিন মেলার সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সময় বাড়ানোর অনুমোদন দেয় বলে আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি জানায়।
