চাল-পেঁয়াজের দাম কিছুটা কমেছে
সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে চাল ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে।
ব্যবসায়ীরা বলছেন, কয়েক মাস ধরে ভারত থেকে পর্যাপ্ত চাল আমদানি অব্যাহত থাকায় মোটা চালের দাম খানিকটা কমেছে। আর বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দামে তার প্রভাব পড়েছে।
ঢাকার পাইকারি বাজারগুলোতে বস্তা ধরলে কিনলে ভারতীয় মোটা চালের কেজি সর্বনিম্ন ৩৮ টাকায় পাওয়া যাচ্ছে। এর প্রভাবে দেশীয় মিলে উৎপাদিত চালের বাজারও স্থিতিশীল রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
শুক্রবার মিরপুর-১ নম্বরের পাইকারি কাচাবাজারসহ আরও কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন ধরে বাড়তিতে বিক্রি হওয়া দেশীয় পেঁয়াজের দামও গত এক সপ্তাহে কেজিতে ৫ টাকা করে কমেছে। প্রতিকেজি ৫০ থেকে ৫৫ টাকায় দেশি পেঁয়াজ এবং ৫৫ থেকে ৬০ টাকায় ভারতীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে। এছাড়া শাক-সবজি, মাছ-মাংসের দামও আগের মতো রয়েছে।
মিরপুরে তোফাজ্জাল রাইস এজেন্সির ব্যবস্থাপক তোফাজ্জোল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ দিনের ব্যবধানে ভারতীয় চাল বস্তায় (৫০ কেজি) ৫০ টাকা করে কমেছে। তবে দেশীয় চলের দাম তুলনামূলক বেশি।
“পাইকারিতে ভারতীয় মোটা চালের বস্তা (৫০ কেজি) ১৯০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগে এটা দুই হাজার টাকা ছিল। দেশীয় মোটা চাল এখন দুই হাজার টাকা। একইভাবে ইন্ডিয়ান মিনিকেট ২৭০০ টাকা, দেশীয় মিনিকেট তিন হাজার টাকায় (বস্তা) বিক্রি হচ্ছে। মাঝারি মানের চাল (আঠাশ চাল) ভারতীয়টা ২১০০ টাকা এবং দেশীয়টা ২৩০০ টাকায় বস্তা বিক্রি হচ্ছে।”
উত্তর বাড্ডার সাঁতারকুল রাইস এজেন্সির বিক্রয়কর্মী বিপ্লব হোসেন বলেন, “শুল্কবাধা না থাকায় ভারতীয় বাজারের সুবিধা পাচ্ছে দেশীয় বাজার। বাজারে ইন্ডিয়ান চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দামও দেশীয় চালের তুলনায় অনেক কম। ফলে দেশীয় মিল মালিকরা চাইলেও আপাতত চালের দাম নিয়ে কারসাজি করতে পারছে না।”
গত এক সপ্তাহে দেশীয় পেঁয়াজের দামও কিছুটা কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন।
ফিরোজ মিয়া নামে মিরপুরের এক ব্যবসায়ী বলেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বেশ বেড়েছে, তাই দাম কিছুটা কমেছে।
এদিন মিরপুর অঞ্চলের বিভিন্ন খুচরা দোকানে মানভেদে ৫০ থেকে ৫৫ টাকায় এক কেজি পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়।
