২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বাণিজ্য প্রসারে আগ্রহী ভুটান

পণ্য আমদানি-রপ্তানির পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পর্যটন, কৃষি, জলবিদ্যুৎসহ সম্ভাবনাময় নানা খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ভুটান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 05:58 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

বুধবার রাজধানীর মতিঝিলে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কার্যালয়ে বাংলাদেশে বিনিয়োগ স্থাপন ও বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রগুলো নিয়ে আয়োজিত এক আলোচনায় অংশ নেয় ভুটান সরকারের ৩৬ সদস্যের এক প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভুটানের রাজার উপ-গৃহাধ্যক্ষ চেওয়াং রিনজিন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, তৈরি পোশাক থেকে শুরু করে প্রক্রিয়াজাত খাদ্য, মশলা, সফটওয়্যার, নির্মাণসামগ্রী, পাট, চামড়া, কাগজ, আসবাব, সিমেন্টসহ বিভিন্ন পণ্য আমদানি করতে চায় ভুটান। সেই সাথে জলবিদ্যুৎ, ভাল মানের ফল-সবজি, খনিজ ও রাসায়নিক পদার্থের চাহিদা রয়েছে দেশটিতে।

আলোচনায় প্রতিনিধিদলটি জানায়, ভুটান থেকে আমদানির তুলনায় দেশটিতে পণ্য রপ্তানি করার দিক দিয়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০১৬-১৭ অর্থবছরে ভুটান থেকে ৩ কোটি ৩২ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে ৩২ লাখ ডলারের পণ্য।

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনাম তোবদেন রাগবে বলেন, “বাংলাদেশকে ১৮টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে ভুটান, আরও ১৬টি পণ্য শুল্কমুক্তভাবে রপ্তানি করার সুযোগ তৈরির প্রক্রিয়া চলছে।

“ভুটানে ভিসা ছাড়া ভ্রমণ সুবিধা পাওয়া তিনটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে, পর্যটকদের পাশাপাশি ব্যবসায়ীরাও যাতে বিশেষ সুবিধা পায় সেদিকে নজর দিয়েছি আমরা। ব্যবসায়ী ভিসা পেতে যেন ঝক্কি পোহাতে না হয় তার ব্যবস্থা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।”

পণ্য আমদানি-রপ্তানিতে প্রধান চ্যালেঞ্জ হিসেবে বন্দরের অসক্ষমতাকে দায়ী করে এফবিসিসিআই সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের অবকাঠামোগত ত্রুটি রয়েছে। বাণিজ্য যেভাবে বেড়ে চলছে তার সঙ্গে পাল্লা দিতে পারছে না বন্দরগুলো। পণ্যের পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও আমরা সেভাবে আমদানি-রপ্তানি করতে পারছি না।”  

দুই দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে বাংলাদেশের সহায়তা চায় ভুটানের প্রতিনিধিদল।

এ প্রসঙ্গে শেখ ফজলে ফাহিম বলেন, “দুই দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে প্রতিবছর ট্যুরিজম সামিট আয়োজন করা যেতে পারে। এই সামিট দুই দেশের পর্যটনকে বিশ্ববাসীর সামনে তুলে আনবে।”

বিষয়টি য়ে সিভিল এভিয়েশন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে এফবিসিসিআই আলোচনায় বসবে বলে জানান তিনি।