২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নশীল দেশ হলেও রপ্তানি আয় কমবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলেও রপ্তানি আয়ে ভাটা পড়বে না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 12:14 AM

Updated : 08 Apr 2022, 05:50 PM

স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া নানা সুবিধা উন্নয়নশীল দেশ হওয়ার পর থাকবে না বলে অনেকের আশঙ্কার মধ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্যদের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে এক মতবিনিময় সভায় বক্তব্যে মন্ত্রী এই দাবি করেন।

তোফায়েল বলেন, “উন্নয়নশীল দেশে রূপান্তরিত হলেও আমাদের রপ্তানি কমবে না। কারণ আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানি। উন্নয়নশীল দেশে রূপান্তরিত হলে অনেক দেশে আমরা জিএসপি প্লাস পাব।”

বাণিজ্যমন্ত্রী জানান, উন্নয়নশীল দেশে উন্নীত হওোর সব শর্ত পূরণ হওয়ায় বিশ্ব ইকোনমিক ও সোস্যাল কাউন্সিল আগামী মার্চ মাসে বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করবে। স্তর পরিবর্তনের সময় পাওয়া যাবে তিন বছর, ২০২৪ সালে তা কার্যকর হবে।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে যে তিনটি শর্ত পূরণ করতে হয়, বাংলাদেশ তার সবগুলো পূরণ করেছে বলে জানান তিনি।

প্রথমত, মাথাপিছু আয় ১২৪২ মার্কিন ডলার হতে হয়, বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৬১০ মার্কিন ডলার এবং গড় প্রায় ১৩০০ মার্কিন ডলার।

দ্বিতীয়ত, মানব সম্পদের উন্নয়ন অর্থাৎদেশের ৬৬ ভাগ মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে হয়, বর্তমানে বাংলাদেশের ৭২ ভাগ মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে।

তৃতীয়ত, অর্থনৈতিক ভঙ্গুরতার মাত্রা ৩০ ভাগের নিচে হতে হবে, বাংলাদেশে এ মুহূর্তে তা ২৬ ভাগ অর্জন করেছে।

ব্যবসা-বাণিজ্যের সবক্ষেত্রে ঢাকা চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সব সময় তাদের কাছে পাই।

“শেখ হাসিনার সরকার ব্যবসা বান্ধব, জনবান্ধব সরকার। আমরা যেমন জনগণের প্রতিনিধিত্ব করি তেমনি ব্যবসায়ীদের সাথেও আমাদের সুস্পর্ক। কারণ আমাদের অর্থনীতিতে ব্যবসায়ীদের সবথেকে বড় অবদান।”

২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে তোফায়েল বলেন, “এক্সপোর্ট বাড়ায় ব্যবসায়ী সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

“আমাদের কারখানাগুলো গ্রিন ফ্যাক্টরিতে পরিণত হচ্ছে। রানা প্লাজা ধসের পর আর কোনো দুর্ঘটনা ঘটেনি। বিনিয়োগকারীরা সতর্ক হয়েছে। অ্যাকোর্ড-অ্যালায়েন্স কারখানা পরিদর্শন করে বলেছে, ঝুঁকিপূর্ণ কারখানা দুই শতাংশের কম।”

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে দেশের অর্থনীতিও উন্নতি লাভ করে মন্তব্য করে তোফায়েল বলেন, “বিএনপি-জামায়াত জ্বালাও-পাড়াও করে উপলব্ধি করেছে, ওটা গণতন্ত্রের পথ নয়। যার জন্য ২০১৬-১৭ অর্থবছরে তারা গোলযোগ সৃষ্টির চেষ্টা করেনি।

“এটা নির্বাচনের বছর। আমি আশা করি এই বছরটাও স্বাভাবিক থাকবে এবং আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে। আমার দৃঢ় বিশ্বাস বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।”

তোফায়েল বলেন, “তারা (বিএনপি) যত কথাই বলুক কেয়ারটেকার গভর্মেন্ট ছাড়া নির্বাচন করবে না, সহায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না, আসলে তারা নির্বাচন করবে। এবং সেই নির্বাচনটা হবে অংশগ্রহণমূলক নির্বাচন।

“নির্বাচনকালীন সরকার বলতে বর্তমানে ক্ষমতাসীন দলকেই বোঝায়, প্রধানমন্ত্রী এটাকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, এটা তার এখতিয়ার। আর নির্বাচন কমিশন দক্ষতা ও সততার সাথে নির্বাচন পরিচালনা করবে।”

বাণিজ্য সচিব শুভাশীষ বসু ছাড়াও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাসেম খানের নেতৃত্বে সংগঠনের পরিচালনা পরিষদের নেতারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।