২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএমএবি অ্যাওয়ার্ড পেল ২৭ কোম্পানি

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউটেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ‘বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছে ২৭টি কোম্পানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 01:28 AM

Updated : 11 Oct 2022, 12:04 PM

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এবার ১১টি ক্যাটাগরিতে এই ২৭ কোম্পানিকে পুরস্কার দেওয়া হয়।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় ইস্টার্ন ব্যাংক ও তৃতীয় পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামী শরিয়াহ ভিত্তিক) ক্যাটাগরিতে ইসলামী ব্যাংক প্রথম আল-আরাফাহ্ ব্যাংক দ্বিতীয় এবং সোশ্যাল ইসলামী ব্যাংক তৃতীয় পুরস্কার পেয়েছে।

জাতীয় বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে জনতা ব্যাংক।

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স। লংকাবাংলা ফাইন্যান্স দ্বিতীয় এবং ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স তৃতীয় পুরস্কার পেয়েছে।

সাধারণ বীমা ক্যাটাগরিতে যথাক্রমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্স পুরস্কৃত হয়েছে।

সিমেন্ট ক্যাটাগরিতে প্রিমিয়ার সিমেন্ট মিলস, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ও এমআই সিমেন্ট ফ্যাক্টরি পুরস্কার জিতেছে।

বস্ত্র ক্যাটাগরিতে যথাক্রমে এনভয় টেক্সটাইলস, রহিম টেক্সটাইল ও এইচআর টেক্সটাইল; ওষুধ ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পুরস্কার পেয়েছে।

ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে বিট্রিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। এরপর পুরস্কার পেয়েছে লিবরা বাংলাদেশ ও গোল্ডেনহার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।

বিদ্যুৎ ক্যাটাগরিতে সামিট পাওয়ার প্রথম এবং বারাকা পাওয়ার দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এছাড়া বিবিধ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সিঙ্গার বাংলাদেশ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদ, আইসিএমএবির প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী, কর্পোরেট অ্যাওয়ার্ড ও ব্র্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী নেওয়াজ ও আইসিএমএবির সেক্রেটারি মো. আবদুর রহমান উপস্থিত ছিলেন।