সৌদি আরবে ডানা মেলছে রিজেন্ট এয়ারওয়েজ
সৌদি আরবে ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকা থেকে সৌদি আরবের তৃতীয় বাণিজ্যিক শহর দাম্মামে উড়ে যাবে রিজেন্টের প্রথম ফ্লাইট।
শনিবার রিজেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে চলবে ফ্লাইট। প্রতি রোব, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার রাত ৯:১৫ টায় ঢাকা থেকে ছেড়ে স্থানীয় সময় রাত ১২:৫০ টায় দাম্মাম পৌঁছাবে। সেখান থেকে মধ্যরাত ১:৫০টায় ছেড়ে সকাল ৯:৪৫টায় ঢাকায় পৌঁছাবে। এরপর আগামী জুন থেকে এই রুটে প্রতিদিন ফ্লাইট চালাবে রিজেন্ট।
রিজেন্ট বহরে সদ্যযুক্ত ১৭৬ আসনের নতুন প্রজন্মের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এই ফ্লাইট চালানো হবে। এই উড়োজাহাজে ৮টি বিজনেস এবং ১৬৮টি ইকোনমি আসন রয়েছে।
সব ধরনের করসহ ঢাকা থেকে দাম্মাম সর্বনিম্ন ভাড়া (ওয়ানওয়ে) ২০,৮৩৮ টাকা এবং ফিরতি ৫৩,৩৯৫ টাকা। অন্যদিকে দাম্মাম থেকে ঢাকা সর্বনিম্ন ভাড়া (ওয়ানওয়ে) ৭০০ রিয়াল এবং ফিরতি ১৪২২ রিয়াল। প্রত্যেক যাত্রী দেশ থেকে যাওয়ার সময় ২০ কেজি এবং দাম্মাম থেকে আসার সময় ৪৫ কেজি ফ্রি ব্যাগেজ সুবিধা পাবেন।
এছাড়া দাম্মামের সঙ্গে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাসটি রিয়াদ থেকে বাংলাদেশগামী যাত্রীদের নিয়ে রাত ৭:৫০টায় ছেড়ে রাত ১১:৫০টায় দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। আবার সেখান থেকে বাংলাদেশের যাত্রীদের নিয়ে মধ্যরাত ২:৫০টায় ছেড়ে সকাল ৬:৫০টায় রিয়াদ পৌঁছবে বাসটি।
বর্তমানে মাসকাট, কাতার, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা, কাঠমান্ডু আন্তর্জাতিক রুট এবং চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে রিজেন্টের ফ্লাইট চলছে। তাদের বহরে রয়েছে ৬টি বোয়িং এবং ২টি ড্যাশ-৮ উড়োজাহাজ।
