২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের রায়ের পরও জিপিইইউ’র নিবন্ধনে গড়িমসির অভিযোগ

দীর্ঘ আইনি লড়াইয়ের পর রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পেয়ে ট্রেড ইউনিয়ন হিসেবে নিবন্ধনের জন্য গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন-জিপিইইউ আবেদন করার পর ফের কর্তৃপক্ষের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 07:54 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নিবন্ধন পেতে সংশ্লিষ্টদের সহায়তা প্রত্যাশা করেছেন জিপিইইউ নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মাদ শাফিকুর রহমান মাসুদ বলেন, ছয় বছর আগে এই প্রক্রিয়া শুরু করার পর দীর্ঘ আইনি লড়াই শেষে গত ৯ জানুয়ারি আদালতের রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পান তারা। পরদিন সরকারের শ্রম দপ্তরে ট্রেড ইউনিয়ন নিবন্ধকের কাছে নিবন্ধনের আবেদন করেন।

“শ্রম আইন অনুযায়ী সাত দিনের মধ্যে শ্রম পরিচালক বা মহাপরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করবেন। কিন্তু ১৭ দিন অতিবাহিত হওয়ার পরও আমরা এখনও রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাই নাই, যা আদালত অবমাননা বা আইন ভঙ্গের শামিল।”

নিবন্ধনের জন্য ২০১২ সালে করা আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আইনি লড়াই চালিয়ে ২০১৬ সালের জুনে নিজেদের পক্ষে রায় পায় জিপিইইউ।

কিন্তু সেই রায়ের সত্যায়িত অনুলিপি পেতে তাদের আবার আদালতে যেতে হয়, অপেক্ষা করতে হয় দেড় বছরের বেশি সময়। 

এ কারণে ৯ জানুয়ারি রায়ের অনুলিপি পাওয়ার পর নিবন্ধনের জন্য আবেদন করতে দেরি করেনি দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের কর্মীদের এই সংগঠনটি।  

শাফিকুর রহমান মাসুদ বলেন, “নিবন্ধন পেলে জিপিইইউ কর্মীদের স্বার্থে কার্যক্রম শুরু করতে পারবে। কিন্তু আমাদের আশঙ্কা, নিবন্ধন বিলম্বিত করতে কোনো মহল আবারও অপচেষ্টা চালাতে পারে।”

তিনি জানান, ২০১২ সালের ১৪ জুন গঠিত হওয়ার পর জুলাইয়ে নিবন্ধনের জন্য শ্রম পরিচালকের কাছে আবেদন করে জিপিইইউ। কিন্তু আবেদনে ত্রুটির কথা বলে তা প্রত্যাখ্যান করা হয়।  

মাসুদের দাবি, ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী নিয়ম মেনেই তারা আবেদন করেছিলেন। ওই আবেদন নাকচ করার সময় ত্রুটি সংশোধনেরও কোনো সুযোগ দেওয়া হয়নি।

এর বিরুদ্ধে ২০১২ সালের ২৬ অগাস্ট ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে আপিল করে জিপিইইউ। ওই আদালত আপিল শুনতে বিব্রত বোধ করলে বিষয়টি যায় শ্রম আপিল ট্রাইব্যুনালে।

এরপর ২০১৪ সালের জুলাই মাসে শ্রম আপিল ট্রাইব্যুনাল ইউনিয়নের পক্ষে রায় দেয়। শ্রম পরিচালককে ৩০ দিনের মধ্যে জিপিইইউর ট্রেড ইউনিয়ন নিবন্ধন দিতে নির্দেশ দেওয়া হয় ওই রায়ে।

শাফিকুর রহমান মাসুদ বলেন, গ্রামীণফোন ট্রাইব্যুনালের রায় চ্যালেঞ্জ করে হাই কোর্টে গেলে রায় বাতিল করে মামলাটি আবার শ্রম আদালতে ফেরত পাঠানো হয়। গ্রামীণফোন সেখানে পক্ষভুক্ত হয় এবং শুনানি শুরু হয় নতুন করে। ২০১৫ সালের এপ্রিলে শ্রম আদালত জিপিইইউর আপিল খারিজ করে দেয়।

এরপর জিপিইইউ আবার শ্রম আপিল ট্রাইব্যুনালে যায়। এ আদালতের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে ২০১৬ সালের ৩০ জুন জিপিইইউর পক্ষে রায় দেয়। তাদের আবেদন গ্রহণ করে ট্রেড ইউনিয়ন হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেওয়া হয় শ্রম পরিচালককে।

জিপিইইউ সাধারণ সম্পাদক বলেন, নতুন করে নিবন্ধনের আবেদন করার জন্য আদালতের ওই রায়ের সত্যায়িত অনুলিপির প্রয়োজন ছিল। কিন্তু ছয় বার আবেদন করার পরও সেই অনুলিপি না পাওয়ায় তারা গতবছর ডিসেম্বরে হাই কোর্টে রিট আবেদন করেন।   

ওই আবেদনের শুনানি করে হাই কোর্ট এক মাসের মধ্যে রায়ের অনুলিপি জিপিইইউকে সরবরাহের নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় ৯ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে রায়ের কপি হাতে পায় গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন।

তাদের নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ রায় সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিপিইইউ নিবন্ধনের জন্য আবেদন করেছে, বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি। আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান মাসুদ ছাড়াও জিপিইইউর সভাপতি ফজলুল হক এবং সাংগঠনিক সম্পাদক মাতুজ আল কাদরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।