ভরিতে ৫২ হাজার টাকা ছাড়িয়েছে সোনার দাম
সোনার দর আরেক দফা বেড়ে প্রতি ভরি ৫২ হাজার টাকা ছাড়িয়েছে।
দুই সপ্তাহের ব্যবধানে সবচেয়ে ভালো মানের সোনার দর ভরিতে বেড়েছে দেড় হাজার টাকার বেশি। অন্যান্য মানের সোনার দরও একই হারে বেড়েছে।
দর বৃদ্ধি পাওয়ায় শুক্রবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ২৫৫ টাকায়, ২১ ক্যারেট সোনা ৪৯ হাজার ৯২২ টাকায় এবং ১৮ ক্যারেট সোনা ৪৪ হাজার ৬৭৩ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়িয়েছে ভরিতে ২৭ হাজার ৪১০ টাকায়।
এর আগে ১০ জানুয়ারি সোনার দর বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকায়, ২১ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৬ টাকায়, ১৮ ক্যারেট সোনা ৪৩ হাজার ১৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ৫৩৬ টাকায় বিক্রি হচ্ছিল।
দাম পুনর্নির্ধারণ করায় ২২, ২১ ও ১৮ ক্যারেটে ১ হাজার ৫১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৮৭৪ টাকা দর বেড়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববাজরে দাম বৃদ্ধি এবং স্থানীয় বজারে চাহিদা বাড়ার কারণে সোনার দাম বাড়ানো হয়েছে।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
বিশ্ববাজারে বৃহস্পতিবার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল প্রায় ১ হাজার ৩৬০ মার্কিন ডলার। ১০ জানুয়ারি তা ১ হাজার ৩১৭ ডলার ছিল।
২০১২ সালে দেশে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বাড়তে বাড়তে ৬০ হাজার টাকার উপরে উঠেছিল। এরপর বিভিন্ন সময়ে ওঠানামার মধ্যে তা ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ৫০ হাজার টাকার নিচে চলে আসে।
দিলীপ কুমার বলেন, “দেশে বিয়ের মৌসুম চলছে। সে কারণে চাহিদা বেশি, কিন্তু সরবরাহ কম। এছাড়া আন্তর্জাতিক বাজারেও দাম চড়া। সার্বিক বিবেচনায় আমরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
