১০ গল্প নিয়ে ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস-৩’
ভালোবাসা দিবস উপলক্ষে প্রাণ ফ্রুটো তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস’।
এ আয়োজনে যে কোনো ব্যক্তি তার ভালোবাসার গল্পগুলো প্রকাশ করতে পারবেন প্রাণ ফ্রুটো’র ভেরিফাইড ফেইসবুক পাতায়। সেখান থেকে বাছাই করা গল্প থেকে নির্মাণ করা হবে ১০টি ভালোবাসার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
বৃহস্পতিবার দুপুরে প্রাণ ফ্রুটোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, “প্রতিটি মানুষের মধ্যে ভালবাসার অনেক গল্প লুকানো থাকে। সেটি হতে পারে বাবা-মায়ের প্রতি সন্তানের ভালবাসা, ভাই-বোনের ভালবাসা, প্রেমিক-প্রেমিকার ভালোবাসা।
“আবার এসব গল্পের সাথে জড়িয়ে থাকে যত্ন, বিশ্বাস ও নানা ধরনের ত্যাগ। আড়ালে থাকা ভালোবাসার এসব গল্প সকলের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।”
তিনি জানান, প্রাণ-আরএফএল গ্রুপের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পিআর প্রোডাকশন’ পাঁচ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করবে।
আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো দর্শকরা দেখতে পাবেন বলে জানানো হয়েছে। এছাড়া প্রাণ ফ্রুটো’র ইউটিউব চ্যানেলেও দেখা যাবে এসব চলচ্চিত্র।
আগ্রহীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত গল্প পাঠাতে পারবেন। সেখান থেকে সেরা গল্প নির্বাচন করবেন এসব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর জন্য নির্ধারিত নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।
আগামী ৬ ফেব্রুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করবে প্রাণ ফ্রুটো। বিজয়ীদের জন্য রয়েছে প্রাণ ফ্রুটোর পক্ষ থেকে বিশেষ সম্মাননা।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করবেন নির্মাতা শিহাব শাহীন ও আশফাক নিপুন।
শিহাব শাহীন বলেন, “ভালবাসার অনেক অজানা গল্প আছে যা আমাদের চলচ্চিত্রের গল্পের জন্য খুব প্রয়োজন। এই শর্টফিল্মগুলো নিয়ে কাজ করতে আমি মুখিয়ে আছি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, প্রাণ ফ্রুটোর প্রধান বিপণন কর্মকর্তা আতিকুর রহমান ও ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান, পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুর রহমানসহ প্রাণ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।
