‘বাসা-বাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে এবছরই উদ্যোগ’
বাসা-বাড়ি ও স্থাপনার ছাদে ব্যক্তিখাতে উৎপাদিত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে বিভিন্ন দেশে প্রচলিত ‘নেট এনার্জি মিটারিং’ পদ্ধতি এবছরই চালু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস।
পাওয়ার সেল কোম্পানির ওয়েবসাইটে নেট মিটারিংয়ের খসড়া প্রস্তাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী একমাস বিতরণ সংস্থা, ব্যক্তি উদ্যোক্তাদের কাছ থেকে এই বিষয়ে পরামর্শ নেওয়া হবে। অচিরেই নেট মিটারিং নিয়ে চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করা হবে।
সভায় জানানো হয়, সৌর প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ না করে নিজেদের ব্যবহারের পর গ্রাহক মিটারের মাধ্যমে হিসাব করে জাতীয় গ্রিডে যুক্ত করে দিতে পারবেন। রাতে গ্রাহক জাতীয় গ্রেড থেকে বিদ্যুৎ খরচ করবেন। এভাবে এক সময় গ্রাহকের সঙ্গে কেনা-বেচা সমন্বয় করে নেবে বিতরণ সংস্থাগুলো।
বিদ্যুৎ সচিব ছাড়াও পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, বিইআসির সদস্য রহমান মুরশেদ, আরইবির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল মঈন উদ্দিন, পিজিসিবির এমডি মাসুদ আল বেরুনী, ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান, ডেসকোর এমডি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদ সরওয়ারসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
নেট মিটারিংয়ের একটি রূপরেখা উপস্থাপন করেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও প্রকল্পের পরামর্শক শাহরিয়ার আহমেদ চৌধুরী।
“যেসব প্রতিষ্ঠান অন্তত ১০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রাখে তারা এই নেট মিটারিং প্রকল্পে যুক্ত হতে পারে। তবে সৌরবিদ্যুতের উৎপাদন সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন ট্রান্সমিটারের ধারণ ক্ষমতার ৭০ শতাংশের মধ্যে থাকতে হবে। ”
বিদ্যুৎ সচিব বলেন, সৌরশক্তি থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকার যদি এই উদ্যোগে সাফল্য দেখে তাহলে অবশ্যই এই খাতে প্রণোদনা দেবে।
