বস্ত্র ও পোশাক শিল্পের সরঞ্জামের চার প্রদর্শনী শুরু বুধবার
বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, কাপড়, সুতা, রঙসহ সংশ্লিষ্ট পণ্য নিয়ে চারটি আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকায় একসঙ্গে শুরু হচ্ছে।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) ‘১৭তম গার্মেন্টেক প্রদর্শনী’, ‘৯ম ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক সোর্সিং ফেয়ার’, ‘৯ম গ্যাপেক্সপো’ ও ‘প্রিন্টেক্সপো ২০১৮’ নামের প্রদর্শনী চারটি চলবে শনিবার পর্যন্ত; প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল ও এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে চার প্রদর্শনীর আয়োজন করেছে।
রোববার কারওয়ান বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী টিপু সুলতান ভুঁইয়া।
তিনি বলেন, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, শ্রীলংকা, ইতালি, জার্মানি, কানাডা, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, হংকং, মালয়েশিয়া, বাংলাদেশসহ ২৪টি দেশের ৪৫০ প্রতিষ্ঠান এসব প্রদর্শনীতে অংশ নেবে।
প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন, নিরাপত্তা, কর্মপরিবেশ, দক্ষতা, পণ্যের মান, মোড়কজাতকরণ সংশ্লিষ্ট প্রযুক্তি নিয়ে প্রদর্শনীতে হাজির হবে।
বস্ত্র ও পোশাক শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরে এই প্রদর্শনী দেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন, মান, কমপ্লায়েন্স ও মূল্য সংযোজন বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানান প্রদর্শনীর আরেক আয়োজক এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল।
বিজিএপিএমইএর সভাপতি আব্দুল কাদের খান বলেন, “বাংলাদেশের গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের চাহিদা প্রায় ৯৫ শতাংশ দেশীয়ভাবে পূরণ করা সম্ভব। গত বছর (২০১৭) এ সেক্টর ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় করেছে, সরকার আমাদের সহায়তা করলে ২০২১ সাল নাগাদ আমরা ১২ বিলিয়ন ডলার আয় করতে পারব।”
রপ্তানিতে দেশীয় তৈরি পোশাক প্রতিষ্ঠানগুলোকে আগ্রহী করে তুলতে এ খাতে ক্ষুদ্র (১০ কোটি টাকার অধিক রপ্তানি করা), মাঝারি এবং বৃহৎ (৩০ কোটি ও এর অধিক রপ্তানি করা) ও সরাসরি রপ্তানিকারক- এই চার ক্যাটাগরিতে ‘রপ্তানি ট্রফি’ দেওয়া হবে বলে জানান তিনি।
