হুয়াওয়ে নোভা টুআইয়ে দুই বছরের ওয়ারেন্টির সুযোগ
স্মার্টফোন হুয়াওয়ে নোভা টুআই কিনে দুই বছর পর্যন্ত ওয়ারেন্টি নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।
অতিরিক্ত মাত্র ৪০০ টাকা পরিশোধ করে ‘ডোন্ট ওয়োরি’ নামের অফারের আওতায় ওয়ারেন্টির এ সুযোগ উপভোগ করা যাবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় হুয়াওয়ে।
এতে বলা হয়, সাধারণত যেকোনো হ্যান্ডসেটে এক বছরের বিক্রোয়ত্তর সেবা দিয়ে থাকে হুয়াওয়ে। তবে নোভা টুআই হ্যান্ডসেটটি ক্রেতারা বিদ্যমান ওয়ারেন্টির সঙ্গে বর্ধিত ওয়ারেন্টি যুক্ত করার সুযোগ পাবেন।
ক্রেতারা নোভা টুআই ক্রয়ের ১০ মাসের মধ্যে বর্ধিত ওয়ারেন্টি সুবিধা গ্রহণ করতে পারবেন।
দেশব্যাপী হুয়াওয়ের যেকোনো ব্র্যান্ডশপ এবং বিস্তৃত সার্ভিস সেন্টারগুলো থেকে এ অফার গ্রহণের সুযোগ থাকছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “অত্যাধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন ডিজাইন, দুর্দান্ত প্রসেসর ও মনোমুগ্ধকর ক্যামেরার সমন্বয়ে হুয়াওয়ের হ্যান্ডসেটগুলো ইতোমধ্যে এ দেশের মানুষের মন জয় করে নিয়েছে।
“আর এখন আমরা আরো উন্নত সেবা প্রদান নিশ্চিত করার প্রত্যয়ে বিক্রোয়ত্তর সেবায় নিয়ে এসেছি অভিনব ওয়ারেন্টি গ্রহণের সুযোগ। ‘ডোন্ট ওয়োরি’ অফারের মাধ্যমে আমরা সম্মানিত ক্রেতাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র।”
হুয়াওয়ে নোভা টুআই ছাড়াও ওয়াইসেভেন মডেলের হ্যান্ডসেটটি ক্রয় করে অতিরিক্ত মাত্র ২০০ টাকা পরিশোধ করে ‘ডোন্ট ওয়োরি’ অফার উপভোগ করা যাবে।
