২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বাণিজ্য মেলায় গ্রিন টেকনোলজিতে সাজছে ওয়ালটন প্যাভিলিয়ন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে তিনতলা আধুনিক প্রিমিয়ার প্যাভিলিয়ন তৈরি করছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এরই মধ্যে প্যাভিলিয়নের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 08:26 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

ওয়ালটনের সিনিয়র অপারেটিভ অফিসার উদয় হাকিম জানান, গত বছরের মতো এবারও তারা গ্রিন টেকনলজি ব্যবহার করে প্যাভিলিয়নের অবকাঠামো নির্মাণ করছেন। অর্থাৎ নির্মাণকাজে উপকরণগুলো মেলা শেষে অন্য স্থাপনা নির্মাণে লাগানো যাবে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবির উদ্যোগে ১ জানুয়ারি শুরু হবে মাসব্যাপী ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে এবারের বাণিজ্য মেলায় মোট ৫৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলাদেশ ছাড়াও ১৭টি দেশ অংশ নিচ্ছে বলে জানিয়েছে ইপিবি।

ওয়ানটনের পক্ষে থেকে জানানো হয়, নিজস্ব কর্মকর্তার পাশাপাশি অর্ধশতাধিক কর্মী থাকবে মাসব্যাপী এই মেলায়।

মেলার প্রস্তুতি প্রসঙ্গে ওয়ালটন প্যাভিলিয়নের সমন্বয়ক শাহ শহীদ চৌধুরী বলেন, “প্যাভিলিয়ন নির্মাণের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বাইরের কাঠামোর কাজ প্রায় চূড়ান্ত। চলছে অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ।

“একসঙ্গে যাতে অনেক ক্রেতা-দর্শনার্থী প্যাভিলিয়নে প্রবেশ এবং বের হতে পারে সেজন্য ১১ ফুট চওড়া প্রবেশদ্বার করা হচ্ছে। অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য প্যাভিলিয়নে রাখা হচ্ছে র‌্যাম্প। বরাবরের মতো এবারও নিচতলা থেকে দ্বিতীয় তলায় ওঠার সুবিধার্থে থাকছে লিফট। পাশাপাশি থাকবে সাত ফুট চওড়া সিঁড়ি।”

ওয়ালটনের ইন্টেরিয়র ডিজাইন বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শাদী মোহাম্মদ রুম্মান জানান, সাড়ে সাত হাজার বর্গফুটের দৃষ্টিনন্দন প্যাভিলয়ন তৈরি করছেন তারা।

এর ভেতরের সাজসজ্জায় ব্যবহার করা হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্ট এসিপি (অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল) বোর্ড, গ্লাস এবং স্টিলের ফ্রেম। থাকবে পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র। স্টিল ও এসিপি বোর্ডগুলোর ৯০ শতাংশই পরবর্তীতে ব্যবহারযোগ্য।

ওয়ালটন প্যাভিলিয়নে প্রদর্শন ও বিক্রি হবে ল্যাপটপ, স্মার্টফোন, রেফ্রিজারেটর, ফ্রিজ, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ও মাইক্রোওয়েব ওভেন, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডারসহ কয়েক শতাধিক মডেলের পণ্য। থাকবে এলইডি বাল্ব, সুইচ, সকেট, রিচার্জেবল ব্যাটারি, জেনারেটরসহ আন্তর্জাতিক মানসম্পন্ন বৈদ্যুতিক সরঞ্জামও।