২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেতা-দর্শনার্থীর স্বস্তির চিন্তায় বাণিজ্য মেলায় কমছে স্টল

কেনাকাটা ও চলাফেরায় ক্রেতা-দর্শনার্থীদের স্বস্তি দিতে এবার নতুন রূপে সাজছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। এ পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে এবার মেলায় বাণিজ্যিক স্টল কমিয়ে দেওয়া হয়েছে।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 08:16 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

প্রতিবারের মতো ২০১৮ সালের প্রথম দিন থেকে শুরু হবে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৮। মেলার ২৩তম আসরের আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়।

ডিসেম্বরের শুরু থেকেই ঢাকার শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে বাণিজ্যমেলা মাঠ প্রস্তুতের কাজ চলছে।

গত শনিবার মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা গেছে মেলার সীমানা প্রাচীর, ফটক ও তোরণ নির্মাণের কাজ চলছে পুরোদমে। মাঠে প্যাভিলিয়ন, স্টল ও অন্যান্য স্থাপনা নির্মাণ কাজও এগিয়ে চলছে।

কিছু কিছু প্যাভিলিয়ন নির্মাণের কাজ ৭০ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত বছর বাণিজ্য মেলায় ৫৮৪টি স্টল-প্যাভিলিয়ন থাকলেও এবার ১৪টি ক্যাটাগরিতে ৫৪০টি স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ দিয়েছে ইপিবি।

ইপিবির কর্মকর্তা ও মেলার আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দর্শনার্থীরা যাতে স্বস্তিতে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখতে পারে, মাঝে মধ্যে বসে একটু বিশ্রাম নিতে পারে সেজন্য স্টলের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। বিপরীতে বাড়ানো হয়েছে বিশ্রামাগার, কৃত্রিম পার্ক ও অন্যান্য সৌন্দর্য্যমূলক স্থাপনা।

“এবার মেলা প্রাঙ্গণে চলাচলের রাস্তা প্রশস্ত রেখে অর্কিড বাগান, মিনি সুন্দরবন, ডিজিটাল এক্সিপেরিয়েন্স সেন্টার ও বঙ্গবন্ধু প্যাভিলিয়নের জন্য বাড়তি জায়গা রাখার কারণে স্টল কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পৃথক মঞ্চ।”

মেলার এবারের মূল ফটকে ঐতিহ্যবাহী ঢাকা গেইট ও নির্মাণাধীন পদ্মা সেতুর নকশার উপস্থিতি থাকবে জানিয়ে রউফ বলেন, “থাকবে ফিশ ও বার্ড অ্যাকুরিয়াম। এছাড়া মেলায় স্টল ও প্যাভিলিয়নগুলোর অবস্থান জানা যাবে ডিজিটল স্ক্রিনের মাধ্যমে।”

মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়ন (পিপি), জেনারেল প্যাভিলিয়ন (জিপি), রিজার্ভড প্যাভিলিয়ন (আরপি), ফরেন প্যাভিলিয়ন (এফপি), রেস্টুরেন্ট-প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন (পিএমপি), জেনারেল মিনি প্যাভিলিয়ন (জিএমপি), রিজার্ভড মিনি প্যাভিলিয়ন (আরএমপি), ফরেন মিনি প্যাভিলিয়ন (এফএমপি), প্রিমিয়ার স্টল (পিএস), ফরেন প্রিমিয়ার স্টল (এফপিএস), জেনারেল স্টল (জিএস), ফুড স্টল (এফএস) এবং জেনারেল স্টল ফর ওমেন এন্ট্রাপ্রিনিয়ার ক্যাটাগরিতে এবার স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

ইপিবি জানিয়েছে, এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ১৭টি দেশের ৪৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, নেপাল ও হংকং অন্যতম।

প্রতিবারের মতো এবারের মেলায়ও থাকছে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, ফেব্রিক্স পণ্য, হস্তশিল্প পণ্য, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী, চামড়াজাত পণ্য, সিরামিকপণ্য, প্লাস্টিক পণ্য, প্রসাধনী সামগ্রী, খাদ্যপণ্য, ইলেক্ট্রনিক্স সামগ্রী, জুয়েলারি ও অন্যান্য আসবাবপত্রের স্টল।