২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদস্য দেশগুলোতে কনসার্টের আয়োজন করবে সার্ক চেম্বার

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে সাধারণ মানুষের মধ্যে আরও জনপ্রিয় করতে সদস্য দেশগুলোতে কনসার্টের আয়োজন করবে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সার্ক সিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 06:59 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

রোববার বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সাথে সাক্ষাতের সময় এ তথ্য জানান সার্ক সিসিআই সভাপতি সুরুজ বৈদ্য।

এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এফবিসিসিআই সভাপতি সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার বাণিজ্য সম্ভাবনা কাজে লাগিয়ে সার্ককে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আলাদাভাবে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও জোর দিয়েছেন।

সুরুজ বৈদ্য আগামী ১৬-১৮ মার্চ নেপালে অনুষ্ঠেয় ‘সার্ক বিজনেস লিডার্স কনক্লেভ’ এ এফবিসিসিআই সভাপতির নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এসময় এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সাবেক সহ-সভাপতি ও সার্ক চেম্বারের সহ-সভাপতি মাহবুবুল আলম এবং এফবিসিসিআই পরিচালক শাফকাত হায়দার, রেজাউল করিম রেজনু, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, কোহিনুর ইসলাম এবং আনোয়ার সাদাত সরকার উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬-২০১৭ অর্থবছরে বাংলাদেশ মোট রপ্তানির ২ দশমিক ৪ শতাংশ সার্কভুক্ত দেশগুলোতে রপ্তানি করেছে, যা অর্থমূল্যে দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

অপরদিকে বাংলাদেশ একই সময়ে সার্ক দেশগুলো থেকে ৬ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে, যা মোট আমদানির ১৪ দশমিক ৩৪ শতাংশ।