তিন সমাজ উন্নয়ন সংগঠনকে এলজির অনুদান
সমাজ পরিবর্তনের অংশীদার তিন সমাজ উন্নয়ন সংগঠনকে আর্থিক সহায়তা দিয়েছে বহুজাতিক কোম্পানি এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ।
মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার ‘ব্যাচ-৯৭’, নোয়াখালীর ‘সুবর্ণ আলো গণগ্রন্থাগার’ এবং চাঁদপুরের ‘তারুণ্যের অগ্রদূত’কে এই অনুদান দেওয়া হয়।
এলজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাচ ৯৭ এর মুখপাত্র হাসান জাবেদ, তারুণ্যের অগ্রদূতের সভাপতি ভিভিয়ান ঘোষ এবং সুবর্ণ আলো গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু রঞ্জন দাসের কাছে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম।
এলজি পক্ষ থেকে জানানো হয়, সমাজপরিবর্তনের অংশীদার হতে চাওয়া এ তরুণদের অনুপ্রাণিত করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করার লক্ষ্যে ‘এলজি অ্যাম্বাসেডর প্রকল্প’ গ্রহণ করে।
ফেসবুকে ‘এলজি বাংলাদেশ’ পেজে পরিচালিত একটি ক্যাম্পেইনের মাধ্যমে গত জুন থেকে সেপ্টেম্বরে ২৩৭টি প্রকল্প প্রস্তাব জমা পড়ে। সেখান থেকে উপযোগিতা, টেকসই গুণাবলী এবং বাস্তবায়নের দক্ষতা বিবেচনায় তিনটি সংগঠনের প্রকল্প নির্বাচিত করা হয়।
