এমএনপি সেবার লাইসেন্স পেল ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক
সব প্রক্রিয়া শেষে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ বা এমএনপি সেবার লাইসেন্স হাতে পেয়েছে বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক।
বিটিআরসির চেয়ারম্যান শাহ্জাহান মাহমুদ বৃহস্পতিবার তার কার্যালয়ে এক অনুষ্ঠানে ইনফোজিলিয়ন বিডি-টেলিটেকের এমডি মাবরুর হোসেনের কাছে এমএনপি লাইসেন্সের কপি হস্তান্তর করেন বলে বিটিআরসির সচিব সরওয়ার আলম জানান।
এমএনপি লাইসেন্সের জন্য ইনফোজিলিয়ন বিডি-টেলিটেককে নির্বাচিত করার পর গত ১৫ অক্টোবর সরকারের চূড়ান্ত অনুমোদন পায় বিটিআরসি। লাইসেন্স অ্যাকুইজিশন ফি এবং কোম্পানি গঠনের জন্য ৩০ দিন সময় দিয়ে গত ১ নভেম্বর চিঠি পাঠানো হয় প্রতিষ্ঠানটিকে।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গত ৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বিষয়টি প্রকাশ করেন। কবে নাগাদ এ সেবা চালু হবে তা নির্দিষ্ট করে বলতে না পারলেও ইনফোজিলিয়নের এমডি মাবরুর ওই সংবাদ সম্মেলনে বলেন, মার্চ-এপ্রিলে তারা কাজ শুরুর আশা করছেন।
এ সেবা চালু হওয়ার পর গ্রাহকরা ৩০ টাকা ফি দিয়ে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের আবেদন করতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।
নম্বর পরিবর্তনের ঝক্কিতে যেতে চান না বলে সেবায় সন্তুষ্ট না হওয়ার পরও অনেকে এতদিন অপারেটর বদলাতে পারেননি। এমএনপি চালু হলে তারা নম্বর ঠিক রেখেই অন্য অপারেটরে যাওয়ার সুযোগ পাবেন। ফলে অপারেটররাও তাদের সেবার মান উন্নত করতে চেষ্টা চালাবে বলে সরকার আশা করছে।
