২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই নেতাদের সঙ্গে রাষ্ট্রদূত জুলফিকারের বৈঠক

ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান এফবিসিআই নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 07:52 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

বুধবার এই বৈঠক হয় বলে বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফবিসিসিআইর পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম।

এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, আবু নাসের ও রাশেদুল হোসেন চৌধুরি (রনি) এবং ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিল আলোচনায় অংশ নেন।

রাষ্ট্রদূত জুলফিকার রহমান ব্রাজিলের পাশাপাশি চিলি, কিউবা, বলিভিয়া ও প্যারাগুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত।

বৈঠকে রাষ্ট্রদূত জুলফিকার বলেন, বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের দ্বিপক্ষীয় বাণিজ্য তেমন সন্তোষজনক নয়। তৈরি পোশাক খাতে বাংলাদেশ যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে তা ব্রাজিলের ব্যবসায়ীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করা দরকার।

বাণিজ্য উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, এফবিসিসিআইর একটি বাণিজ্য প্রতিনিধিদল অল্প সময়ের মধ্যে ব্রাজিল সফরে যাবে এবং পরবর্তীতে বাণিজ্য সম্প্রসারণে করণীয় পদক্ষেপ নেওয়া ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ১১৫ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ব্রাজিলে রপ্তানি করে এবং ব্রাজিল থেকে ১১৫২ দশমিক ২০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।

ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি পণ্যগুলো হচ্ছে ওভেন গার্মেন্টস, নিটওয়্যার, পাট ও পাটজাত পণ্য, ফুটওয়্যার, ওষুধ এবং সিরামিক পণ্য। আর ব্রাজিল থেকে মূলত খাদ্যদ্রব্য, সবজিজাত পণ্য, টেক্সটাইল এবং টেক্সটাইল সামগ্রী আমদানি করা হয়।