রপ্তানিতে সিরামিক পণ্যের গুরুত্ব বাড়ছে: বাণিজ্যমন্ত্রী
দেশের মোট রপ্তানিতে সিরামিক পণ্যের গুরুত্ব বাড়ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভবিষ্যতে এই পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাও দেওয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে সিরামিক পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০১৭’ এর উদ্বোধনীতে এ কথা বলেন তিনি।
প্রথমবারের মতো আয়োজিত প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে, যা চলবে শনিবার পর্যন্ত। প্রদর্শনীতে ১৩টি দেশের ৬০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “প্রথমবারের মত আন্তর্জাতিক আয়োজন সিরামিক এক্সপো বাংলাদেশ হচ্ছে, এটাই প্রমাণ করে ইন্ডাস্ট্রি হিসেবে এটি বেড়ে চলেছে। বছরে সিরামিক খাত থেকে আমাদের রপ্তানি আয়ের পরিমাণ প্রায় ৫০ মিলিয়ন ডলার।
অনুষ্ঠানে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা সিরামিক কারখানায় গ্যাস সঙ্কট ও মালামাল আমদানিতে চট্টগ্রাম বন্দরে সমস্যা হচ্ছে জানিয়ে মন্ত্রীর কাছে এর প্রতিকার চান।
এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, “বন্দর সমস্যা নিয়েও আমরা কাজ করছি। প্রয়োজনের তুলনায় আমাদের বন্দর ছোট বলে চাপ নিতে পারছে না। আগামী ২১ তারিখে এ নিয়ে বিশেষ একটা মিটিং আছে। আমরা চেষ্টা করব চট্টগ্রামের পাশাপাশি অন্যান্য বন্দরগুলো যেন আরও ফলপ্রসূভাবে ব্যবহার করা যায়।”
প্রদর্শনীতে অংশ নেওয়া দেশি সিরামিক পণ্য প্রস্তুতকারীরা এরকম আন্তর্জাতিক প্রদর্শনী প্রতিবছর করার আহ্বান জানান।
খাদেম সিরামিক ও মিরপুর সিরামিকের মার্কেটিং অফিসার মাসুম আক্তার বলেন, “আমরা যারা এই ব্যবসায় আছি তারা সেভাবে টিভিতে বিজ্ঞাপন দেইনা, এরকম প্রদর্শনী হলে আমরা ক্রেতা পাই, সেই সাথে এই খাতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ হয়।”
ইতালিয়ান ও স্প্যানিশ ধাঁচের সিরামিক টাইলস নিয়ে প্রদর্শনীতে অংশ নিচ্ছে প্রতিষ্ঠান দুটি।
২০০০ সাল থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিরামিক পণ্য রপ্তানি করে আসছে শাইনপুকুর সিরামিক লিমিটেড।
“আমাদের দেশে শ্রমের মূল্য কম, সেই সাথে প্রচুর লোক কাজ করতে আগ্রহী। একারণেই আমরা এই শিল্পে অন্যান্য দেশের তুলনায় এগিয়ে যাচ্ছি,” বলেন শহিদুল।
